বাংলা নাট্যদল

পোর্টল্যান্ড বাংলা নাট্যদলের সফল প্রযোজনা “দর্পণ”

শুভ্র পাল
June 15, 2026
138 views
11 mins read

ওরেগনের বুকে অবিস্মরণীয় নাট্যঅভিজ্ঞতা

কিভাবে আড়াইটি ঘণ্টা কেটে গেল, টেরই পেলেন না প্যাট্রিসিয়া রিজার সেন্টারের কানায় কানায় পূর্ণ দর্শক গ্যালারির নাট্যপ্রেমীরা। নাটক শেষ হওয়ার পর বেশ কিছুক্ষণ হলজুড়ে বিরাজ করছিল এক মায়াবী স্তব্ধতা। বিস্ময়ে বিমুঢ় দর্শক যখন ধাতস্থ হলেন, তখন করতালি আর উচ্ছ্বাসে মুখরিত হয়ে উঠল ওরেগনের পোর্টল্যান্ড শহরে । গত ৩১শে মে, ২০২৬, রবিবার ওরেগনের বুকে এক নতুন মাত্রা যোগ করল ‘পোর্টল্যান্ড বাংলা নাট্যদল’। তাদের বহুল প্রতীক্ষিত তৃতীয় প্রযোজনা, উইলিয়াম শেক্সপিয়ারের কালজয়ী ট্র্যাজেডি “হ্যামলেট” অবলম্বনে প্রয়াত আলী যাকেরের রূপান্তরিত নাটক “দর্পণ” মঞ্চায়িত হয়ে গেল এক অভূতপূর্ব সাফল্যের সাথে।

দীর্ঘ ১০ মাসের কঠোর পরিশ্রম ও সাধনায় শেক্সপিয়ারের বিশ্বখ্যাত নাটকটি রূপ নিয়েছে খাঁটি বাংলার মাটির গল্পে। ক্ষমতা, পৈশাচিক বিশ্বাসঘাতকতা, পিতৃহত্যা, প্রতিশোধ, প্রেম এবং এক সত্য উন্মোচনের এই চিরন্তন আখ্যানকে বাংলার গ্রামীণ রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে ফুটিয়ে তোলা হয়েছে। ২ ঘণ্টা ৩০ মিনিটের দীর্ঘ সময়সীমা নিয়ে প্রথমে কিছুটা সংশয় থাকলেও, নির্দেশক তৌফিকের দূরদর্শিতা ও তাঁর ওপর পুরো দলের অন্ধ বিশ্বাস নাটকটিকে এক মুহূর্তের জন্যও ঝিমিয়ে পড়তে দেয়নি।

নাটকের প্রতিটি চরিত্র দর্শকদের ঘরের মানুষ হয়ে উঠেছিল। ফয়সাল ‘দর্পণ’ চরিত্রে পিতার প্রতি ভালোবাসা, মায়ের প্রতি ঘৃণা ও তীব্র মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের এক অসাধারণ অভিনয় করেছেন। ‘মৃধা’ চরিত্রে সুব্রতর বিকল্প ভাবা অসম্ভব; ক্ষমতার লোভী হয়েও জায়নামাজে বসে আল্লাহর কাছে তাঁর অপ্রাপ্তির কান্না দর্শকদের হৃদয় কোমল করেছে। ‘বেগম’ চরিত্রে সেঁজুতি দিন দিন নিজেকেই ছাড়িয়ে গিয়েছে । ‘কুলসুম’ চরিত্রের চ্যালেঞ্জিং অভিনয় এবং মা হারানোর পর জয়নাল ও কুলসুমের বুকচেরা আর্তনাদ দর্শকদের চোখে জল এনে দিয়েছে।

পোর্টল্যান্ড

‘হালিমা’ চরিত্রে আমেনার সাবলীলতা, ‘জয়নাল’ চরিত্রে বিশ্বজিতের হৃদয়স্পর্শী মৃত্যু, ‘বড় সর্দার’ চরিত্রে বসিরের ক্ষণিকের ক্ষুরধার উপস্থিতি, ‘বাচ্চু’ চরিত্রে ইয়ামেনের উচ্ছলতা এবং ‘আয়নাল ও ডুয়েল’ চরিত্রে অভিজিৎ ও ‘এন্তাজ’ চরিত্রে প্রতাপের অনবদ্য হাস্যরস নাটকটিকে পূর্ণতা দিয়েছে। ‘দারোগা’ চরিত্রে হাসান, ‘বিনয়’ চরিত্রে সাইফ, ‘সুধা’ চরিত্রে নন্দিতা, ‘শান্তি’ চরিত্রে মায়িশা, ‘চান্দু’ চরিত্রে ফারুক, এবং ‘বদি’ চরিত্রে শুভ্র—প্রত্যেকেই নিজ নিজ চরিত্রে যেন প্রাণ ঢেলে দিয়েছিলেন। গ্রামবাসী হিসেবে তন্ময়, ইন্দ্রাণী, অভি এবং ছোট্ট ভিয়ান-এর সপ্রতিভ উপস্থিতি ছিল নজরকাড়ার মতো। বিশেষ করে নাটকের দুই ক্ষুদে সদস্য ভিয়ান ও রূপকথা তাদের প্রফেশনাল পারফরম্যান্স দিয়ে সবার মন জয় করে নিয়েছে।

নাটকের আবহ ও সংগীতকে স্মৃতিতে ধরে রাখার মতো মাস্টারপিস বানিয়েছেন পার্থ ও কণ্ঠী । সালমিনের নেতৃত্বে বয়াতি ও গানের দলের (কণ্ঠী, শতাব্দী, চন্দ্রা, ফাতেমা, বিজয়া, রেজোয়ানুর, তুষার, সামিরা, দেবারতি ও রূপকথা) উপস্থিতি পুরো নাটকের যোগসূত্রকে পিকাসোর ছবির মতো নিখুঁত করেছে। আর সামিরা ও দেবারতির চোখ ধাঁধানো নৃত্য ছাড়া নাটকটি অসম্পূর্ণ থেকে যেত। নেপথ্যে পার্থ, সীমান্ত ও তন্ময়ীর আলো-ছায়ার খেলা নাটকীয়তাকে নিয়ে গেছে অন্য উচ্চতায়।
মঞ্চের সামনে যখন আলো জ্বলে, তখন পর্দার আড়ালে থাকে কিছু মানুষের নিঃস্বার্থ ও নীরব পরিশ্রম। টুনির নেতৃত্ব মেকাপ দলের ( পুষ্পিতা, শারেকা, আয়েশা, রিনা, সুতপা, মনিকা, শুভ্রা ও ইলা) করা নিখুঁত রূপ ও অঙ্গসজ্জা অভিনেতাদের বিশ্বাসযোগ্য করে তুলেছে। অন্যদিকে রাহাতের নেতৃত্ব ( শান্তা, তন্ময়, দুর্জয়, শায়মা, রিফা, শুভ্র, অভি ও রেজা) মঞ্চ ব্যবস্থাপনা দল পর্দার আড়ালে থেকে হাসিমুখে পুরো নাটকের সুতোটি শক্ত হাতে ধরে রেখেছিল। পাশাপাশি সাবিহ উদ্দিন ওমর, সালমিন, পুষ্পিতা, তৌফিক ও বৃন্তার সৃজনশীল সহযোগিতা নাটকটির নান্দনিকতাকে আরও বাড়িয়ে দিয়েছে।
একঝাঁক মুখচোরা কর্মজীবী মানুষকে নিয়ে, প্রবাসী জীবনের শত ব্যস্ততার মাঝে শেক্সপিয়ারের হ্যামলেট মঞ্চে নামিয়ে আনার এই অসম্ভবকে সম্ভব করেছেন নাট্যরূপ ও নির্দেশক তৌফিক। তাঁর ধৈর্য, ভালোবাসা ও অসামান্য নেতৃত্বই এই পুরো দলটিকে এক সুতোয় বেঁধে রেখেছিল। জয় হোক ওরেগনের বাংলা নাটকের!


শুভ্র পাল | পোর্টল্যান্ড, ওরেগন, যুক্তরাষ্ট্র

ডেটা সায়েন্টিস্ট, স্টেট অফ ওরেগন | সাংস্কৃতিক কর্মী, লেখক, আলোকচিত্রশিল্পী।


Leave a Reply

Your email address will not be published.

ফিফা বিশ্বকাপ
Previous Story

প্রাপ্তির খোঁজে কানাডা

Next Story

সম্পাদকীয়: আষাঢ় ১৪৩৩ / জুন ২০২৬

Latest from উত্তর আমেরিকা

উত্তর আমেরিকা পঞ্জিকা

জুন ২০২৬-এ উত্তর আমেরিকায় প্রবাসী বাঙালিদের বৈশাখী মেলা, পিকনিক, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিস্তারিত পঞ্জিকা।

ওরেগনের খবর

শনিবার (১৮ এপ্রিল) সৃজন পাঠশালা এবং পিডিএক্স বাংলার আয়োজনে, অরেগনের পোর্টল্যান্ড শহরে, ... লিখেছেন তৌফিক হাসান।

সিলকন ভ্যালী থেকে

জাঁকজমক মেলার মধ‍্য দিয়ে (Spaandhan B) স্পন্দন বি নববর্ষকে বরণ করে নিলো এপ্রিলের ১৮ তারিখে। ... লিখেছেন আজিজ চৌধুরী।