পড়শী চুপ কথা দু’টি কবিতা

দু’টি কবিতা

Post Views: 15

১.

বৈধব্য

তার ভেতরে কান্না ছিল পরান ছিল আটক।
কালনাগিনী বর খেয়েছিস এত কিসের কথা
তুই না নারী চুপ করে থাক সঙ্গে থাকুক ব্যথা।
বেশ তাহলে একটা হাসির মোড়ক পরি? সুখ আঁকা এক শাড়ি?
বুঝবে না কেউ কান্নাগুলো বজ্রপাতের বাড়ি।
নষ্ট মেয়ে সুখ দেখাবি আবার কোন মুন্ডু খাবি?
চোখের নিচে রাখ কালিমা নইলে নরক যাবি।
যাঁরা পাপী যাঁরা ভন্ড ভাঙছে পাঁজর ভাঙছে কাণ্ড
তাঁরাই কেবল জিতবে শুধু আমার ভোগে পিন্ড?
কে নেবে তোর পোড়া কপাল অলক্ষণের দায়
তোর বিলাসে বসবে সভা সবাই দেবে রায়।
আজকে আমার বিয়ের দিনে শপথ করি শোন
কি বলে রে বিধবারও বার্ষিকী না ঢঙ
ওরে সমাজ তোদের দিকে আঙুল তুলে বলি
ব্রহ্ম ছুঁয়ে বলিস দেখি বিবেকের দুই কলি।

২.

হারিয়ে যাওয়া এক অজুহাত

আমার পৃথিবী সহজপাঠ এর কাব্য
ইচ্ছেরা সব বড্ড সহজলভ্য।
গোপাল, বাঁটুল গপ্পো করে রোজ
মনেই পাওয়া সুয্যি মামার খোঁজ।
উপহারের মোড়ক সেথা প্রেম
কাঁথায় বোনা ভালবাসার হেম।
হারিয়ে গেল কাব্যকথার দেশ
রূপকথার এক স্বপ্ন ছিল বেশ।
এখন শুধু মোড়ক মোড়া বিষ
শব্দজোড়া কালনাগিনীর শিস।
ভয় পেয়ে যেই মায়ের আঁচল খুঁজি
ধুলোর ভিড়ে আনমনে চোখ বুজি।
আমার দেখা রাজ্যটা আর নেই
কঠিন কথায় হারাই পলকেই।
ঝিঁঝিঁর ডাকে আর আসে না তারা
দূষণ ভিড়ে হাসিরা ঘরছাড়া।
মনের ঘরে হাজার মানিক জ্বলে
মানুষ গাছে মানুষ যদি ফলে।
বিশ্বায়নের ধাঁধায় নকল আসল
ঠিক বুঝি না আমি নাকি পরমপিতা পাগল..


কলকাতা, পশ্চিম বঙ্গ, ভারত

গীতিকার, কবি, লেখক এবং সমাজকর্মী।


Previous
Next

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

দীর্ঘ বিরতির পর আবার ফিরে এসেছে বিশ্ববাঙালির প্রিয় পত্রিকা ‘পড়শী’।
নব উদ্যমের এই যাত্রায় আপনার মতো গুণী মানুষের সৃজনশীল লেখা ও সাহচর্য আমাদের কাম্য।

দীর্ঘ বিরতির পর আবার ফিরে এসেছে বিশ্ববাঙালির প্রিয় পত্রিকা ‘পড়শী’।
নব উদ্যমের এই যাত্রায় আপনার মতো গুণী মানুষের সৃজনশীল লেখা ও সাহচর্য আমাদের কাম্য।

প্রকাশিত সকল লেখা ও মতামতের দায়ভার সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট লেখকের,
এর জন্য ‘পড়শী’ কর্তৃপক্ষ দায়ী নয়।