পড়শী সাহিত্য ও শিল্প গাজার শিশুরা

গাজার শিশুরা


এই মুহূর্তে আমি যখন কাতারের পথে ভাসমান
আটলান্টিকের আকাশে উড়ছি
তোমরা তখন বিস্ফারিত চোখে
প্রচণ্ড বিভীষিকায় আতঙ্কিত
ভাবছো এরপরই তুমি – তোমরা
গুলিবিদ্ধ হবে ভাঙা দেয়ালের নিচে
বিধ্বস্ত ছাদের নিচে চাপা পড়বে
তোমরা মিশে যাবে ধুলায়।
এই মুহূর্তে তোমাদের বাড়িটি
জলহীন বিজলিহীন খাবার হীন, ঔষধহীন –
আকাশ কান ফাটানো শব্দের ভারে ভারী
শক্ত পাথর ভয়ের
শক্ত পাথর আতঙ্কের
শক্ত পাথর বিভীষিকার
এখানেই এখন বাতাস ও কঠিন গ্রানাইট
এই বাড়িটি এখনই বোমায় উড়ে যাবে আকাশে
সেই সাথে তোমরাও, তোমাদের হাত, 
তোমাদের পা, তোমাদের মাথার খুলি, উড়ে যাবে,
অথবা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যাবে
তোমাদের জীবন তোমাদের স্বপ্ন তোমাদের ভবিষ্যৎ
অথচ পৃথিবী নীরব, পৃথিবী অন্ধ, কেউ কিছুই দেখতে পাচ্ছে না
কি নিষ্ঠুর পৃথিবী তাই না?
তোমাদের জায়গা তোমাদের বাড়ি
তোমাদের জল তোমাদের আকাশ
হিংস্র অসুরের পায়ের তলে
তোমাদের জীবন দানব খুনিদের হাতে।
তোমরা গাজার শিশুরা
সারাক্ষণ ঘাতকের সম্মুখে। 


ড. দলিলুর রহমান | ঢাকা, বাংলাদেশ

কবি ও বিজ্ঞানী।



Previous Post
Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *