পড়শী উত্তর আমেরিকা সৃজন পাঠশালার আয়োজনে পিকনিক

সৃজন পাঠশালার আয়োজনে পিকনিক

Post Views: 63
4 min read

গত ১৯শে সেপ্টেম্বর সৃজন পাঠশালার উদ্যোগে ওরেগনের পোর্টল্যান্ডে অনুষ্ঠিত হলো বার্ষিক পিকনিক। রুস্টার রক স্টেট পার্কে আয়োজিত এই উৎসবে মেতে উঠেছিল পোর্টল্যান্ডের প্রবাসী বাংলাদেশী সম্প্রদায়। চমৎকার সব খাবার, প্রাণবন্ত খেলাধুলা আর আড্ডার আমেজে দিনটিকে অত্যন্ত আকর্ষণীয়ভাবে সাজিয়েছিল সৃজন পাঠশালা পরিবার।

ঝলমলে রৌদ্রোজ্জ্বল সকালে, ঠিক ১১টায় শুরু হয় মিলনমেলা। অনুষ্ঠানস্থলে ঢুকেই সবার নজর কাড়ে গরম গরম পুরি ভাজার দৃশ্য। পুরি দিয়ে পরিবেশন করা সুস্বাদু ভেলপুরির স্বাদ সবার মুখে অন্যরকম তৃপ্তি এনে দেয়। ভেলপুরি খেতে খেতে অনেকেই ফিরে যায় বিশ্ববিদ্যালয় জীবনের ক্যাম্পাসে কাটানো সময়ে। পটভূমিতে বাজা মধুর বাংলা গানে সবাই মেতে ওঠেন গল্প-গুজবে।

দুপুরের আগেই জমে ওঠে মধ্যাহ্নভোজের আয়োজন। পোলাও, মুরগি, খাসির মাংস আর সালাদ ছিল এই ভোজের মূল আকর্ষণ। আর পরে ছিল মিষ্টান্ন। সবুজ গাছের ছায়ায় পিকনিক টেবিলে বসে প্রিয়জন ও বন্ধুদের সাথে আহারের এই মুহূর্তগুলো সবাই ভীষণ উপভোগ করেন।

খাবারের পর্ব শেষ হতেই শুরু হয় বহু প্রতীক্ষিত খেলাধুলা। একদম ছোটদের দৌড় প্রতিযোগিতার মাধ্যমে এই পর্বের সূচনা হয়। শিশুদের জন্য আরও ছিল ব্যাঙ দৌড়, হুপ পাসিং ও মার্বেল দৌড়ের মতো বৈচিত্র্যময় সব আয়োজন।

বড়দের খেলাধুলার মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণ কেড়ে নেয় ‘দড়ি টানাটানি’। এইচএসসি/ইন্টারমিডিয়েট পরীক্ষার সালের জোড় ও বিজোড় সংখ্যার ভিত্তিতে দু’টি দলে ভাগ হয়ে সবাই এতে অংশ নেন। তুমুল লড়াইয়ের পর বিজয়ী হয় বিজোড় সংখ্যাধারীদের দল। পুরুষদের ‘মোরগ লড়াই’ খেলাটিও সবাইকে দারুণ বিনোদন দেয়। অন্যদিকে, নারীদের জন্য আয়োজিত জনপ্রিয় ‘পিলো পাসিং’ খেলাটি বাংলা গানের তালে তালে সবাই বেশ উপভোগ করেন। দম্পতিদের জন্য ছিল প্রশ্নোত্তর লেখা ও মার্বেল দৌড়ের এক চমৎকার মিশ্র খেলা, যা সবার মাঝে বাড়তি উদ্দীপনা জোগায়। এসবের পাশাপাশি দল বেঁধে ফুটবল, লুডু ও ক্যারাম খেলেও সবাই আনন্দে মেতে ওঠেন।

2026.10.05.03 img 1
পিকনিকের শেষে ভলান্টিয়ারদের ছবি।
2026.10.05.03 img 2
বান্ধবীরা সবাই মিলে পিকনিকে একটা ছবি।

খেলাধুলার মাঝেই বিকেলের খাবার হিসেবে পরিবেশন করা হয় সুস্বাদু ঝালমুড়ি। আর পুরো দিনজুড়েই তৃষ্ণা মেটাতে ছিল মিষ্টি তরমুজের ব্যবস্থা। শিশুদের বিশেষ পছন্দের তালিকায় ছিল হাওয়াই মিঠাই ও পিজ্জা।

প্রবাসের একঘেয়ে ও ব্যস্ত জীবনের মাঝে নীল আকাশের নিচে স্বজন আর বন্ধুদের সান্নিধ্যে এমন একটি দিন কাটাতে পারা সত্যিই অনন্য এক অনুভূতি—মনকে যা এক নিমিষেই সতেজ করে তোলে। বিশেষ করে, যাঁরা পোর্টল্যান্ডে নতুন এসেছেন, তাঁদের জন্য এই পিকনিক কেবল বিনোদনের মাধ্যম ছিল না; বরং অন্যান্ন পোর্টল্যান্ডবাসীর সাথে পরিচিত হওয়া এবং নতুন মেলবন্ধন গড়ার এক দারুণ সুযোগ এনে দিয়েছিল।

সুন্দর ও স্মরণীয় এই আয়োজন সফলভাবে সম্পন্ন করার জন্য ‘সৃজন পাঠশালা’-র প্রতিটি নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবী আন্তরিক ধন্যবাদ ও প্রশংসার দাবিদার। তাঁদের সম্মিলিত চেষ্টা ও অক্লান্ত পরিশ্রমেই রূপ পেয়েছে এই উৎসব। বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রাপ্য পুরো আয়োজনের প্রধান সমন্বয়ক হাসান শারিয়ার অমি-র। প্রায় সাড়ে চারশো মানুষের এত বিশাল একটি আয়োজনকে নিখুঁত ও সুনিপুণভাবে পরিচালনা করা মোটেও সহজ কাজ নয়। তাঁর সুদক্ষ পরিকল্পনা ও অনন্য ব্যবস্থাপনার কারণেই পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হতে পেরেছে।

১২ অক্টোবর, ২০২৬

পোর্টল্যান্ড, অরেগন

প্রকৌশলী, ইন্টেল। সংগঠক, নাট্য নির্দেশক, আবৃত্তি শিল্পী।


Previous
Next

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

দীর্ঘ বিরতির পর আবার ফিরে এসেছে বিশ্ববাঙালির প্রিয় পত্রিকা ‘পড়শী’।
নব উদ্যমের এই যাত্রায় আপনার মতো গুণী মানুষের সৃজনশীল লেখা ও সাহচর্য আমাদের কাম্য।

দীর্ঘ বিরতির পর আবার ফিরে এসেছে বিশ্ববাঙালির প্রিয় পত্রিকা ‘পড়শী’।
নব উদ্যমের এই যাত্রায় আপনার মতো গুণী মানুষের সৃজনশীল লেখা ও সাহচর্য আমাদের কাম্য।

প্রকাশিত সকল লেখা ও মতামতের দায়ভার সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট লেখকের,
এর জন্য ‘পড়শী’ কর্তৃপক্ষ দায়ী নয়।