পড়শী হাসতে নেই মানা উত্তমকুমার আজ যদি থাকতেন!

উত্তমকুমার আজ যদি থাকতেন!

Post Views: 84
3 min read

উত্তম কুমার বেঁচে আছেন!

যাহ্, তা কি করে সম্ভব? ডাঃ মণি ছেত্রীর মতো শতায়ু মানুষরা তো দুর্লভ। আর উত্তমকুমার তো বেঁচে ছিলেন মাত্র ৫৪ বছর। কিন্তু এই ৫৪ বছরেই তিনি যে বাঙালিয়ানার প্রতীক হয়ে উঠেছিলেন তা আর বলতে! অমন সুন্দর ধুতি পাঞ্জাবি পরতে আর তো কাউকে দেখলাম না। শুধু কী পরা? আর কাউকে কী পাওয়া যাচ্ছে ধুতি পাঞ্জাবিতে উত্তমের মত ক্যারি করতে?

বাংলা ছবিতে রাজ করে গেছেন উত্তমকুমার– এ তো পুরোনো কথা। সুচিত্রা সেনের সঙ্গে তাঁর জুটি যে বাঙালির রোমান্স এর শেষ কথা ছিল, আছে, থাকবে– এটাও শুনতে শুনতে কান ক্লিসে হয়ে গেছে। তখনকার দিনের কলেজ ছাত্র ছাত্রীরা যে “উকু”, “সুসে” চুলের ছাট দিতেন তাও আমাদের জানা।

তাহলে উত্তমকুমার এর শতবর্ষে আর কী পড়ে থাকলো! উত্তমকুমার এর ড্রাইভার এর নাম ছিল ন্যাপা, রাগ হলেই উত্তমকুমার যে তোপ চাচি চলে যেতেন তাও উত্তমকুমার এর জীবনীকাররা আমাদের জানিয়ে গেছেন। তাহলে আজ উত্তমের জন্মশতবর্ষে কী লিখবো! আচ্ছা, আজ যদি উত্তমকুমার বেঁচে থাকতেন তাহলে কী হত! উনি নির্ঘাত আগের সরকারের দেওয়া বঙ্গ বিভূষণ হতেনই।

আরে পাগলি! যাকে বাঙালি নিজেদের ভূষণ করে হৃদয়ে দেগে দিয়েছে, তার আর বঙ্গ বিভূষণ হয়ে নতুন করে লাভ কী হবে! আজ বেঁচে থাকলে উত্তম নিয়ে কারা ভোটে প্রার্থী করবে তাই নিয়ে টানাটানি পড়তো তৃণমূল আর বিজেপিতে। মমতা বন্দোপাধ্যায় তাঁর স্পেন ডেলিগেশন এ উত্তমের নাম রাখতেনই। অমিত শাহ দলবল নিয়ে হানা দিতেন উত্তমের ময়রা স্ট্রিট এর ফ্ল্যাটে।

“আমাদের দাদা”র রান্নার পছন্দের আইটেম লুচি আর গলদা চিংড়ির মালাইকারি খেয়ে পরিতৃপ্তির ঢেকুর তুলতেন। উত্তম কী সিনেমা ছেড়ে সিরিয়াল এর চলতি হাওয়ায় গা ভাসাতেন? তাঁর সিরিয়াল একশো পর্বেও শেষ হতোনা তা বলাই বাহুল্য। আমাদের সিরিয়াল এর নেকু পুষিমনু এক্ট্রেস রা উত্তমকে দেখে যে গলে জল হয়ে যেতেন তা হলফ করে বলা যায়।

উত্তমকে দেখেই– হাউ সুইট! হাউ হ্যান্ডসাম! হোয়াট আ সুইট স্মাইল! ইত্যাদির বন্যা বয়ে যেত তা বলাই বাহুল্য। আজ তো আর বোর্ড এর থিযেটার হয়না! হলে উত্তম নাইট হাজার ছাড়িয়ে যেত। উত্তম কুমার এর পিছনে স্পনসরদের লম্বা লাইন পড়তো।

টি এম টি বারের কিংবা চালের বিজ্ঞাপনে উত্তমকে দেখা যেতোই। ভাগ্যিস তিনি আজ বেঁচে নেই। নয়ত প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আর বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেশ বিপদে পড়ে যেতে পারতেন! মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর থেকেও মুখ্যমন্ত্রী উত্তমকুমার চট্টোপাধ্যায় নামটি কী বেশি ভালো শোনাচ্ছে না?

৩ সেপ্টেম্বর, ২০২৬

কলকাতা. পশ্চিম বঙ্গ, ভারত

প্রখ্যাত সাংবাদিক। প্রিন্ট, টেলিভিশন, রেডিও ও ডিজিটাল মাধ্যমে দীর্ঘদিনের সমৃদ্ধ পেশাগত অভিজ্ঞতার অধিকারী।


Previous
Next

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

দীর্ঘ বিরতির পর আবার ফিরে এসেছে বিশ্ববাঙালির প্রিয় পত্রিকা ‘পড়শী’।
নব উদ্যমের এই যাত্রায় আপনার মতো গুণী মানুষের সৃজনশীল লেখা ও সাহচর্য আমাদের কাম্য।

দীর্ঘ বিরতির পর আবার ফিরে এসেছে বিশ্ববাঙালির প্রিয় পত্রিকা ‘পড়শী’।
নব উদ্যমের এই যাত্রায় আপনার মতো গুণী মানুষের সৃজনশীল লেখা ও সাহচর্য আমাদের কাম্য।

প্রকাশিত সকল লেখা ও মতামতের দায়ভার সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট লেখকের,
এর জন্য ‘পড়শী’ কর্তৃপক্ষ দায়ী নয়।