আত্মমর্যাদা
“যে মুহূর্তে তুমি অনুভব করবে যে কারো কাছে তোমাকে তোমার যোগ্যতা প্রমাণ করতে হবে, সেই মুহূর্তেই সেখান থেকে একেবারে ও সম্পূর্ণভাবে চলে যাওয়া উচিত তোমার।” — এলিসা হ্যারিস
জীবনের সবচেয়ে ক্লান্তিকর কাজগুলোর একটি হলো নিজেকে বারবার প্রমাণ করা।
এলিটা হ্যারিস-এর উক্তিটির মূল কথা আত্মমর্যাদা। তবে এটিকে শুধু অহংকারের দৃষ্টিতে দেখলে উক্তিটির গভীরতাটা ধরা পড়ে না। মানুষের জীবনে এমন কিছু সম্পর্ক, বন্ধুত্ব, কর্মক্ষেত্র কিংবা পারিবারিক পরিসর থাকে, যেখানে বারবার নিজের যোগ্যতা, সততা, ভালোবাসা কিংবা আন্তরিকতার প্রমাণ দিতে হয়। সেখানে একসময় মানুষ ক্লান্ত হয়ে পড়ে, কারণ যে মানুষ আপনাকে সত্যিই মূল্য দেয়, তার কাছে প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করার প্রয়োজন হয় না।
‘বইয়ের পাতা থেকে’ এবার ওঠে এলো এলিসা হ্যারিস এর এই উক্তিটি।
কেউ যদি তোমার সামর্থ্যকে দেখতে না চায়, তোমার আন্তরিকতাকে বিশ্বাস করতে না চায়, তোমার ভালোবাসার সত্যতা নিয়ে বারবার প্রশ্ন তোলে, তবে তাকে বোঝানোর দায়িত্ব তোমার নয়। কারণ মূল্যায়ন করার চোখ যার নেই, তার সামনে নিজের সমস্ত আলো মেলে ধরেও কোনো লাভ নেই।
আমরা অনেক সময় সম্পর্কের ভেতরে থেকে ভাবি, আর একটু চেষ্টা করলে হয়তো মানুষটি বুঝবে। আর একটু ভালো হলে, আর একটু ত্যাগ করলে, আর একটু সফল হলে হয়তো সে আমাদের মূল্য দেবে। এভাবেই নিজের অজান্তে আমরা অন্যের স্বীকৃতির জন্য নিজের শান্তিকে বিসর্জন দিতে থাকি।
অথচ সত্যিকারের সম্পর্কের সৌন্দর্য হলো সেখানে নিজেকে প্রমাণ করতে হয় না। যে মানুষ তোমাকে বুঝতে চায়, সে তোমার নীরবতাতেও তোমাকে পড়ে নিতে চেষ্টা করবে। তোমার ব্যর্থতার দিনেও তোমার সামর্থ্যকে অস্বীকার করবে না। আর তোমার ভালোবাসাকে প্রতিদিন পরীক্ষার কাঠগড়ায় দাঁড় করাবে না।
তাই চলে যাওয়া সবসময় পরাজয় নয়। কখনও কখনও চলে যাওয়াই নিজের প্রতি সবচেয়ে বড় সম্মান।
যেখানে তোমাকে বারবার প্রমাণ করতে হয়, “আমি যথেষ্ট ভালো,” “আমি তোমার যোগ্য,” সেখানে হয়তো থাকার চেয়ে নীরবে সরে আসাই শ্রেয়।
কারণ পৃথিবীর প্রত্যেক মানুষের কাছে নিজের মূল্য প্রমাণ করার দায়িত্ব তোমার নয়। কিছু দরজা বন্ধ করতে হয় অভিমান থেকে নয়, আত্মমর্যাদা থেকে।
আর যে মানুষ তোমার মূল্য বুঝতে পারেনি, তার কাছে নিজেকে প্রমাণ করে জয়ী হওয়ার চেয়ে, নিজের কাছে অমূল্য হয়ে থাকাটাই অনেক বড় বিজয়।

