ব্যাংক করেছি লোপাট আমি শেয়ারবাজার ফাঁকা,
সিন্দুকেতে ঘুমায় আমার বস্তা ভরা টাকা।
ডান পকেটে দুদক আমার বাম পকেটে ঠোলা,
ডরাই না তো কাউরে আমি বড় বাপের পোলা।
গুলশান আর বনানীতে ফ্ল্যাট কিনেছি দশ,
বেগম পাড়ায় পাঁচটা বাড়ি টাকা আমার বশ।
বউয়ের নামে রিসোর্ট বানাই মেয়ের নামে জমি,
ছেলের নামে ব্যবসা আমার নামটা আমার কমই।
ধান্দাবাজ আর চান্দাবাজে চিন্তা আমার নাই,
ওদের গুরু সবার গুরু আমার আপন ভাই।
বিদেশ গেলেই পকেট ভরে ডলার সাথে নেই,
ফেরার পথে ডলারগুলো সেথায় রেখেই দেই।
দেড় দশকে ফরেন ব্যাংকে জমলো টাকার পাহাড়,
এদেশ ওদেশ জমা আছে দশ পুরুষের আহার।
কষ্ট শুধু একটা আমার ঘুম না কাছে আসে,
সিঙ্গাপুরে চেক আপে যাই নিত্য প্রতি মাসে।
হাসপাতালে যাচ্ছি প্রায়ই ডাক্তারে ঘর ভরা,
সর্দি-কাশি-হাঁচি হলেই বিদেশে যাই ত্বরা।
মসজিদ আর মাদ্রাসাতে দিচ্ছি পয়সা ঢেলে,
যাচ্ছি হজ্বে খোদার ঘরে মাফ যদি বা মেলে।
পাইনি সময় সবাইকে তাই হয়নি আমার বলা,
মক্কা ফেরত করবো শুরু খোদার পথে চলা।
৪ জুলাই, ২০২৬

