পড়শী সম্পাদকীয় মন্তব্য গণতন্ত্রের উত্তরণে আর যেন রক্ত না ঝরে

গণতন্ত্রের উত্তরণে আর যেন রক্ত না ঝরে

Post Views: 7
4 min read

আমরা যখন “পড়শী”র আগস্ট মাসের মূল রচনাবলী নিয়ে আলোচনা শুরু করি, তখনই মাথায় আসে বাংলাদেশের ইতিহাসে এই এক আগস্ট মাসেই ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে তৈরি করা যেতে পারে “ঘটনাবহুল আগস্ট”। বিপত্তিটা শুরু হলো এরপরেই। ঘটনাগুলোর উপরে লেখা আহ্বান করার পর বুঝতে পারলাম যে অনেকেই স্বস্তি বোধ করছে না লিখতে। প্রতিটি ঘটনার পেছনে রাজনৈতিক কিছু না কিছু প্রভাব রয়েছে এবং সেই বলয় থেকে মনে হচ্ছে অধিকাংশ মানুষই মুক্ত নয়। আবার রাজনৈতিক প্রতিহিংসার বলি হবার সম্ভবনা নিয়েও শঙ্কা রয়েছে।

আমরা পড়শির পক্ষ থেকে লেখকদের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাস করি, লেখক তার নিজস্ব মতামত লেখার মাধ্যমে তুলে ধরবে এটাই আমাদের প্রত্যাশা। বাকিটা পাঠকের দায়িত্ব কোনটা গ্রহণ করবে আর কোনটা গ্রহণ করবে না। পাঠকদের ক্ষেত্রেও যে রাজনৈতিক ভাবনাচিন্তা কাজ করবে তাতে কোন সন্দেহ নেই। এই সংখ্যাটি তৈরি করার সময় আমরা আবার অনুভব করলাম বাঙালি মাত্রই রাজনৈতিক ভাবে বিভাজিত একটি জাতি। এই রাজনৈতিক বিভাজন কোনভাবেই দূর করা যাচ্ছে না। জাতির সামনে অনেকগুলো সুযোগ এসেছিল যার মাধ্যমে একই প্লাটফর্মে দাঁড়িয়ে বিভাজন দূর করে দেশ গড়ার কাজে মনোনিবেশ করার। কিন্তু কেন যেন মনে হচ্ছে প্রতিবারই আমরা সুযোগ গুলো নষ্ট করেছি। দেশ এখন যে পথে যাচ্ছে তাতে খুব একটা আশার আলো আমরা দেখতে পাচ্ছি না। তবে শেষ কথাটুকু ভবিষ্যতের জন্য রেখে দিলাম।

গণতন্ত্রের দোহাই দিয়ে আগস্টের অনেকগুলো ঘটনায় বাংলাদেশের ইতিহাসে ঘটেছে। কিন্তু শুধু নির্বাচন দিলেই যে গণতন্ত্র বিকশিত হয় না তার উদাহরণ বাংলাদেশে বার বার সৃষ্টি হয়েছে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবার জন্য যে প্রতিষ্ঠানগুলোকে রাজনীতিমুক্ত করা উচিত বা প্রতিহিংসামূলক রাজনীতি চর্চার থেকে বিরত থাকা প্রয়োজন তা দেশের কোন রাজনৈতিক দল থেকে গত ৫৫ বছরেও পাইনি। বরং হতাশ ভাবে আমরা দেখতে পেয়েছি আরো সূক্ষভাবে রাজনৈতিক মেরুকরণ, প্রতিহিংসা এবং নিদারুণভাবে এক ঘটনার বিপরীতে আরেক ঘটনাকে দাঁড় করিয়ে নিজেদের জাহির করতে। কিন্তু ইতিহাস বড়ই নির্মম, সত্য অনুধাবন করার ব্যাপারে ইতিহাসের কোনো দ্বিধা নেই। আজ হোক বা কাল, ইতিহাস নিজেই নিজেকে রক্ষা করতে পারে সেই সত্যটা আমাদের রাজনীতিবিদরা কোনদিন বুঝতে পারলো না। প্রায় প্রতিটি পরিবর্তনের পর যেভাবে চর জাগবার মতো আশা তৈরি হয় তা কিছুদিনের মধ্যেই আবার জেগে উঠা চরের মতোই নদীগর্ভে বিলীন হয়ে যায়।

অন্য সবার মত আমরা পড়শীর পড়শীরাও সবাই মিলে চাই সঠিক এবং মূল্যায়িত গণতন্ত্র চিরস্থায়ী ভাবে প্রতিষ্ঠিত হোক। আগস্ট মাসে ঘটে যাওয়া প্রতিটি ঘটনায় সাধারণ মানুষের রক্ত ঝরেছে। আর যেন কোন ঘটনার মধ্যে দিয়ে মানুষের রক্ত না ঝরে। মানুষের রক্তের মূল্য ক্ষমতার চেয়ে অনেক দামি।

৩০ জুলাই, ২০২৬

পোর্টল্যান্ড, ওরেগান, যুক্তরাষ্ট্র

প্রকৌশলী, কবি, লেখক এবং সংগঠক। দ্বিতীয় প্রজন্মের বাঙালি শিশুদের জন্য প্রতিষ্ঠিত “সৃজন পাঠশালা”র কাজে তার অবসর কাটে।


Previous
Next

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

দীর্ঘ বিরতির পর আবার ফিরে এসেছে বিশ্ববাঙালির প্রিয় পত্রিকা ‘পড়শী’।
নব উদ্যমের এই যাত্রায় আপনার মতো গুণী মানুষের সৃজনশীল লেখা ও সাহচর্য আমাদের কাম্য।

দীর্ঘ বিরতির পর আবার ফিরে এসেছে বিশ্ববাঙালির প্রিয় পত্রিকা ‘পড়শী’।
নব উদ্যমের এই যাত্রায় আপনার মতো গুণী মানুষের সৃজনশীল লেখা ও সাহচর্য আমাদের কাম্য।

প্রকাশিত সকল লেখা ও মতামতের দায়ভার সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট লেখকের,
এর জন্য ‘পড়শী’ কর্তৃপক্ষ দায়ী নয়।