কাদম্বরী দেবীর আত্মহননের পর রবীন্দ্রনাথ ঠাকুর একটি কবিতা লিখেছিলেন, কবিতার নাম, ‘তারকার আত্মহত্যা’-
গেল, গেল, ডুবে গেল, তারা এক ডুবে গেল,
আঁধার সাগরে—
গভীর নিশীথে,
অতল আকাশে!
হৃদয়, হৃদয় মোর, সাধ কিরে যায় তোর
ঘুমাইতে ওই মৃত তারাটির পাশে?
ওই আঁধার সাগরে!
এই গভীর নিশীথে!
ওই অতল আকাশে!
বাংলা সাহিত্যের ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুর কেবল একজন কবি বা সাহিত্যিক নন, তিনি মানবমন ও সমাজচিন্তার এক গভীর অন্বেষক। রবীন্দ্রনাথের সাহিত্যজগতে নারীচরিত্রের যে-বহুমাত্রিক উপস্থিতি দেখা যায়, তা নিছক কল্পনার ফসল নয়; বরং কবির ব্যক্তি জীবন এবং অভিজ্ঞতার সঙ্গে গভীরভাবে যুক্ত। বিশেষত কাদম্বরী দেবীর সঙ্গে তাঁর সম্পর্ক রবীন্দ্রনাথের নারীভাবনা গঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। ১৮৮৬ সালে কবির জ্যেষ্ঠ্যভ্রাতা জ্যোতিরিন্দ্রনাথের যখন বিয়ে হয়, মধ্য কলকাতার শ্যামলাল গাঙ্গুলির তৃতীয়া কন্যা কাদম্বরীর বয়স তখন নয় বছর, আর রবীন্দ্রনাথের ছয় বছর দুই মাস। বিয়ের সময় কাদম্বরীর স্বামীর বয়স ছিল উনিশ বছর দুই মাস। তিনি ‘কলিকাতা কলেজ’ থেকে (পরে আলবার্ট কলেজ) প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। রবীন্দ্রনাথের সাহিত্য জীবনে বিশেষ প্রেরণার উৎস ছিলেন কাদম্বরী।
কাদম্বরীর সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক কেবল পারিবারিক সীমায় আবদ্ধ ছিল না। তিনি ছিলেন রবীন্দ্রনাথের সাহিত্যজীবনের প্রথম পাঠক, সমালোচক এবং একান্ত সঙ্গী। কাদম্বরীর মধ্যে ছিল এক ধরনের সংবেদনশীলতা এবং মানসিক গভীরতা, যা রবীন্দ্রনাথকে গভীরভাবে প্রভাবিত করে। জ্যোতিরিন্দ্রনাথের জীবনীকার কাদম্বরীকে ‘পরমাসুন্দরী কন্যা’ রূপে বর্ণনা করেছেন।
কাদম্বরী সম্পর্কে রবীন্দ্রনাথ লিখেছেন, ‘বৌঠাকরুন রাঁধতে পারতেন ভালো, খাওয়াতে ভালোবাসতেন, এই খাওয়াবার শখ মেটাতে আমাকে হাজির পেতেন। ইস্কুল থেকে ফিরে এলেই তৈরি থাকত তাঁর আপন হাতের প্রসাদ। চিংড়ি মাছের চচ্চড়ির সঙ্গে পানতা ভাত মেখে দিতেন অল্প একটু লঙ্কার আভাস দিয়ে, সেদিন আর কথা ছিল না।’
এখানে যেন কাদম্বরীর স্নেহময় ও মাতৃসুলভ দিকটি প্রকাশ পেয়েছে। রবীন্দ্রনাথ কাদম্বরীকে কেবল একজন ব্যক্তি হিসেবে নয়, বরং তাঁর শৈশব-স্মৃতি, সৌন্দর্যবোধ বিকাশের একটি গুরুত্বপূর্ণ প্রেরণা হিসেবে তুলে ধরেছেন। ব্যক্তিগত সম্পর্ক যেন ধীরে ধীরে কবির মানসিক ও সৃজনশীল জগতের অংশ হয়ে উঠেছে।
গ্রীকদের প্রাচীন ত্রিমুণ্ডী দেবী হেকেটির নামে রবীন্দ্রনাথ কাদম্বরীর নাম করেছিলেন। তিনি তাঁকে ছদ্মনামে ডাকতেন-হে। বস্তুত, রবীন্দ্রনাথ ও কাদম্বরী দেবীর সম্পর্ককে এক কথায় সংজ্ঞায়িত করা কঠিন। এতে ছিল বন্ধুত্ব, মানসিক নির্ভরতা, এবং এক ধরনের নিঃশব্দ অন্তরঙ্গতা। কাদম্বরীর সঙ্গে এই সম্পর্ক রবীন্দ্রনাথের কিশোর মনকে নাড়া দিয়েছিল এবং তাঁর সৃষ্টিশীলতাকে উজ্জীবিত করেছিল। তবে সম্পর্কটা সমাজের চোখে কতটা গ্রহণযোগ্য ছিল, সেটাও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন।
তবে তৎকালীন সমাজে পরিবারে দেবর-ভ্রাতৃবধূর মধ্যে সহজ বন্ধুত্ব স্বাভাবিক ছিল। পরিবারের বাইরে তখন নারী-পুরুষের মেলামেশা অনায়াস ছিল না। তাই বাড়ির ভেতর সীমাবদ্ধ পরিবেশে নারী-পুরুষ মেলামেশা করত। সেই সময় ঠাকুর পরিবারের অভিজাত-গৃহের অন্তঃপুরে কবি পেলেন তাঁর একান্ত নারীকে, যার ছোঁয়ায় কবির কাছে ঠাকুরবাড়ি হয়ে উঠল নন্দন-কানন। রবীন্দ্রজীবনীতে আছে, জ্যোতিরিন্দ্রনাথ সস্ত্রীক তেলেনিপাড়ায় শহরের একপ্রান্তে একটা বন-জঙ্গলে ছাওয়া বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। রবীন্দ্রনাথ সেই বাড়িতে গিয়ে থেকেছেন। তখন তিনি গঙ্গা সাঁতরে এপার-ওপার হতেন। কাদম্বরী দেবী যা দেখে আঁতকে উঠতেন। বিদ্যাপতির অনেকগুলো গানে কবি সুর দিয়েছিলেন। ‘এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর’— এই গানেও তখন সুর দিয়েছিলেন।
কাদম্বরী নামের অত্যন্ত কোমল হৃদয়ের এই নারী তাঁর লাবণ্য ছড়িয়ে ঠাকুর বাড়িকে করে তুলেছিলেন অনন্য। সেই সময়ে ঠাকুরবাড়িতে ‘ভারতী’-গোষ্ঠী প্রতিষ্ঠিত হয়। রবীন্দ্রনাথের বয়স তখন ষোলো বছর তিন মাস। ‘ভারতী’তে রবীন্দ্রনাথের প্রতিভা বিকশিত হতে থাকে। কাদম্বরী দেবী ছিলেন ভারতীর মধ্যমণি। ভারতী-গোষ্ঠীর অন্যতম প্রধান সদস্য ছিলেন কবি অক্ষয় চৌধুরী। তাঁর স্ত্রী ছিলেন শরৎকুমারী দেবী। তিনি ‘ভারতী’ প্রসঙ্গে তাঁর ‘ভারতীর ভিটা’য় লিখেছেন: ‘প্রকৃতপক্ষে ‘ভারতী’ জ্যোতিবাবুরই মানস-কন্যা।… প্রতি রবিবারে জ্যোতিবাবু ও রবীন্দ্রনাথ ভারতীর ভাণ্ডার লইয়া আমাদের বাড়িতে আসিয়া ‘ভারতী’ সম্বন্ধে আলোচনা করিতেন ও পরে “তাহাকে” লইয়া বিহারীলাল চক্রবর্তী মহাশয়ের বাটিতে যাইতেন।.. কোন কোন দিন আমরা ‘জানকীবাবুর রামবাগানস্থ বাড়িতে যাইতাম- সেখানে ন’বউঠাকুরাণী, নতুন বউ, জ্যোতিবাবু, রবিবাবু প্রভৃতিও আসিতেন।… ‘ভারতী’র জন্মস্থান ৬নং দ্বারকানাথ ঠাকুরের লেন ভবনটি তখন ভারতী উৎসবে নিত্য মুখরিত। জ্যোতিবাবুর তেতলার ছাদে টবের গাছ সাজাইয়া বাগান করা হইয়াছিল, “তিনি” নাম দিয়াছিলেন ‘নন্দন-কানন’। সন্ধ্যার সময় পরিবারস্থ সকলেই সেখানে নিত্যনিয়মিত মিলিত হইতেন।…’
এই ভারতী-গোষ্ঠীতে কাদম্বরী দেবীর স্থান কি ছিল সে সম্পর্কে শরৎকুমারী লিখছেন ‘ফুলের তোড়ার ফুলগুলিই সবাই দেখিতে পায়, যে বাঁধনে তাহা বাঁধা থাকে, তাহার অস্তিত্বও কেহ জানিতে পারে না। মহর্ষি-পরিবারের গৃহলক্ষ্মী শ্রীযুক্ত জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের পত্নী ছিলেন এই বাঁধন।’
জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে সে আমলের মজলিস ও বৈঠক সম্পর্কে অবনীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, ‘সন্ধ্যেয় বসত জ্যোতিকাকামশাইদের বৈঠক। এ বৈঠকের চেহারা ছিল আর এক রকম; সেখানে আসতেন তারক পালিত, ছোট অক্ষয়বাবু, কবি বিহারীলাল। রবিকা বয়সে ছোট হলেও এই বৈঠকেই যোগ দিতেন। এখানে মেয়েদেরও প্রবেশাধিকার ছিল। নতুন-কাকিমা অর্থাৎ জ্যোতিকার স্ত্রী ছিলেন এই বৈঠকের কর্ত্রী। এখানে চলত গান, বাজনা, কবিতার পর কবিতা পাঠ।’
জীবনস্মৃতি’তে রবীন্দ্রনাথ বলেছেন: ‘এই সময়ে বিহারীলাল চক্রবর্তীর সারদা মঙ্গল-সংগীত আর্যদর্শন পত্রে বাহির হইতে আরম্ভ করিয়াছিল। বউঠাকুরানী এই কাব্যের মাধুর্যে অত্যন্ত মুগ্ধ ছিলেন। ইহার অনেকটা অংশই তাঁহার একেবারে কণ্ঠস্থ ছিল। কবিকে প্রায় তিনি মাঝে মাঝে নিমন্ত্রণ করিয়া আনিয়া খাওয়াইতেন এবং নিজে হাতে রচনা করিয়া তাঁহাকে একখানি আসন দিয়াছিলেন।’
অবনীন্দ্রনাথের বর্ণনায় দেখা যায়, জোড়াসাঁকোর বৈঠক ছিল এক উন্মুক্ত সাংস্কৃতিক পরিসর। সেখানে কেবল পুরুষদের নয়, মেয়েদেরও অংশগ্রহণ ছিল, যা সেই সময়ের সামাজিক প্রেক্ষাপটে মনোযোগ পাবার মতো বিষয়। আরো দেখা গেল, বিহারীলালের প্রতি কাদম্বরী দেবীর গভীর অনুরাগ। তিনি কেবল পাঠিকা নন, বরং কবিতার এক সক্রিয় অনুরাগী ও সংরক্ষকও। যিনি কবিতা মুখস্থ করেন, অনুভব করেন এবং ব্যক্তিগত জীবনের অংশও করে তোলেন।
দুই বর্ণনাতেই একটি অভিন্ন দিক দেখা যায়— ঠাকুরবাড়ির পরিবেশ ছিল কেবল পারিবারিক নয়, বরং এক গভীর সাংস্কৃতিক ও সৃজনশীল জগৎ, যেখানে সাহিত্য, সংগীত ও শিল্প একে অপরের সঙ্গে মিশে যেত। এখানে ব্যক্তিগত সম্পর্ক ও শিল্পচর্চা আলাদা নয়; বরং একে অপরকে সমৃদ্ধ করত।
এটা তো স্বীকার করতেই হবে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি শুধু একটি বাড়ি ছিল না, বরং বাংলা নবজাগরণের এক জীবন্ত সাংস্কৃতিক কেন্দ্র ছিল, যেখানে সাহিত্য ও জীবন একে অপরের মধ্যে প্রবাহিত হয়ে গড়ে তুলেছিল এক অনন্য মানসিক জগৎ।
আমরা দেখি, রবীন্দ্রনাথের উপন্যাস এবং ছোটগল্পে নারীরা চিন্তাশীল, আত্মমর্যাদাসম্পন্ন এবং স্বাধীন সত্তা নিয়ে নিজেদের অবস্থান সমুন্নত রাখেন। এই শক্তিশালী নারী চরিত্রগুলোর পেছনে কাদম্বরী দেবীর প্রভাব অনস্বীকার্য। তাই, রবীন্দ্রনাথের নারীচরিত্রদের বুঝতে গেলে কাদম্বরী দেবীকে উপেক্ষা করা যায় না।
সন্ধ্যাসঙ্গীত এ ‘দুঃখ আবাহন’ কবিতাটি স্থান পেয়েছে। এই কবিতা কাদম্বরী দেবীর ভাবনাকে কেন্দ্র করে লেখা বলে প্রতীয়মান হয়। ‘রবীজীবনী’র দ্বিতীয় খণ্ডে প্রশান্তকুমার পাল এমনটাই লিখেছেন। ‘ভগ্নহৃদয়’ও কাদম্বরীর উদ্দেশ্যে লেখা।
হয়ত জান না, দেবি, অদৃশ্য বাঁধন দিয়া
নিয়মিত পথে এক ফিরাইছ মোর হিয়া।
গেছি দূরে, গেছি কাছে, সেই আকর্ষণ আছে,
নহিলে হৃদয় মম ছিন্নধূমকেতু-সম
দিশাহার হইত সে অনন্ত আকাশতলে।
১২৮৭ বঙ্গাব্দের কোনো এক সময়ে জ্যোতিরিন্দ্রনাথ এবং কাদম্বরী দেবী বোম্বেতে দীর্ঘদিনের জন্য বেড়াতে গিয়েছিলেন। রবীন্দ্রনাথ সে সময় লিখেছেন ‘এক সময়ে জ্যোতিদাদারা দূরদেশে ভ্রমণ করিতে গিয়েছিলেন— তেতালার ছাদের ঘরগুলি শূন্য ছিল। সেই সময় আমি সেই ছাদ ও ঘর অধিকার করিয়া নির্জন দিনগুলি যাপন করিতাম। এইরূপে যখন আপন মনে একা ছিলাম তখন, জানি না কেমন করিয়া, কাব্যরচনার যে-সংস্কারের মধ্যে বেষ্টিত ছিলাম সেটা খসিয়া গেল। আমার সঙ্গীরা যে-সব কবিতা ভালোবাসিতেন (অর্থাৎ বিহারীলালের আদর্শে লিখিত কবিতা) ও তাঁহাদের নিকট খ্যাতি পাইবার ইচ্ছায় মন স্বভাবতই যে-সব কবিতার ছাঁচে লিখিবার চেষ্টা করিত, বোধকরি তাঁহারা দূরে যাইতেই আপনাআপনি সেই-সকল কবিতার শাসন হইতে আমার চিত্ত মুক্তিলাভ করিল।’
সহজেই অনুমেয় যে, জ্যোতিরিন্দ্রনাথ আর কাদম্বরীর প্রস্থানে সেসময় রবীন্দ্রনাথ একাকী ও নির্জনে সময় কাটাচ্ছিলেন। তিনি যেন, একান্ত নিজস্ব নিঃসঙ্গতায় বাইরের কোলাহল থেকে মুক্তি পান আর এক অচেনা ধরনের স্বাধীনতা অনুভব করেন।
কাদম্বরীর জীবনে ভালোবাসাহীনতা ছিল। রবীন্দ্রনাথের বিয়ের চারমাস পরে মাত্র পঁচিশ বছর বয়সে কাদম্বরী দেবী আত্মহত্যা করেন। এর আগে স্বামীর নিরন্তর অবহেলা, আর নিঃসঙ্গতায় কাদম্বরী কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। উদাহরণ হিসেবে বলা যায়, রবীন্দ্রনাথের জীবনীকার প্রভাতকুমার মুখোপাধ্যায় লিখেছিলেন, ‘কাদম্বরী দেবী তাঁহার শেষ জীবনাহুতি-দানের পূর্বে আর একবার আত্মহত্যার চেষ্টা করিয়াছিলেন। … মনে হয় এই সময়ে কাদম্বরী দেবী আত্মঘাতী হইবার চেষ্টা করায় পারিবারিক বিশৃঙ্খলার প্রতিঘাতে রবীন্দ্রনাথের বিলাতে যাওয়া স্থগিত হইল।’
রবীন্দ্রনাথ তাঁর জীবনে অসংখ্য চিঠি লিখেছেন। তাঁর চিঠিপত্র শুধু ব্যক্তিগত যোগাযোগের মাধ্যম ছিল না; এগুলো ছিল তাঁর দার্শনিক চিন্তার এক অনন্য ভাণ্ডার। তাঁর চিঠিতে প্রকৃতির সঙ্গে মানুষের আত্মিক সম্পর্কের কথা বারবার উঠে এসেছে। তিনি প্রকৃতিকে শুধু বাহ্যিক সৌন্দর্য হিসেবে দেখেননি, বরং এক জীবন্ত সত্তা হিসেবে অনুভব করেছেন, যা মানুষের আত্মাকে প্রসারিত করে। তাঁর চিঠির একটি গুরুত্বপূর্ণ দিক হল, মানবতাবাদ। ব্যক্তি-মানুষের সীমাবদ্ধতা অতিক্রম করে তিনি সর্বজনীন মানবতার কথা বলেছেন। মানুষের মধ্যে ভেদাভেদ ভুলে ঐক্যের বোধ তৈরি করাই ছিল তাঁর ভাবনার কেন্দ্রবিন্দু।
তিনি চিঠিতে ঈশ্বরচেতনাকে স্থান দিয়েছেন। তবে এটি প্রথাগত ধর্মীয় ধারণার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এক অন্তর্মুখী, ব্যক্তিগত উপলব্ধি হিসেবে প্রকাশ পেয়েছে, যেখানে ঈশ্বরকে তিনি অনুভব করেছেন জীবনের প্রতিটি মুহূর্তে। সর্বোপরি চিঠিগুলোতে জীবনের প্রতি তাঁর এক স্বচ্ছ, সহজ ও গভীর দৃষ্টিভঙ্গি দেখা যায়। দৈনন্দিন অভিজ্ঞতার মধ্য দিয়েই তিনি জীবনের বড় সত্যগুলোকে উপলব্ধি করেছেন।
কবি অমিয় চক্রবর্তীকে লেখা একটি চিঠি মৃত্যু সম্পর্কে তাঁর ভাবনা এবং অনুভূতি ধরা পড়েছে। এই চিঠিতে কাদম্বরী দেবীর মৃত্যু প্রসঙ্গেরও উল্লেখ ছিল।
২২ জুন ১৯১৭
কল্যাণীয়েষু
তোমার চিঠিখানি পেয়ে আমি মনে খুব বেদনা বোধ করছি। তার কারণ, এক সময়ে যখন আমার বয়স তোমারই মত ছিল তখন আমি যে নিদারুণ শোক পেয়েছিলুম সে ঠিক তোমারই মত।
আমার যে পরমাত্মীয় আত্মহত্যা করে মরেন শিশুকাল থেকে আমার জীবনের পূর্ণ নির্ভর ছিলেন তিনি। তাই তাঁর আকস্মিক মৃত্যুতে আমার পায়ের নীচে থেকে যেন পৃথিবী সরে গেল আমার আকাশ থেকে আলো নিভে গেল। আমার জগৎ শূন্য হল, আমার জীবনের স্বাদ চলে গেল। সেই শূন্যতার কুহক কোনোদিন ঘুচবে এমন কথা আমি মনে করতে পারিনি।
কিন্তু তার পরে সেই প্রচণ্ড বেদনা থেকেই আমার জীবন মুক্তির ক্ষেত্রে প্রথম প্রবেশলাড করলে। আমি ক্রমে বুঝতে পারলুম জীবনকে মৃত্যুর জানলার ভিতর থেকে না দেখলে তাকে সত্যরূপে দেখা যায় না। মৃত্যুর আকাশে জীবনের যে বিরাট মুক্তরূপ প্রকাশ পায় প্রথমে তা বড় দুঃসহ। কিন্তু তার পরে তার ঔদার্য্য মনকে আনন্দ দিতে থাকে। তখন ব্যক্তিগত জীবনের সুখদুঃখ অনন্ত সৃষ্টির ক্ষেত্রে হাল্কা হয়ে দেখা দেয়।
বিশ্বের রথ চলেচে, মানুষের ইতিহাসের রথ চলেচে- বাধাবিঘ্ন বিপদ সম্পদের মধ্যে দিয়ে সে আপনার গতিবেগে আপনার পথ কাটচে-সেই পথই সৃষ্টির পথ। আমার জীবাত্মার যে যাত্রা সেও অমনিতর বিরাট, সেও ওঠাপড়ার মধ্যে দিয়ে চলে চলে আপনাকে এবং আপনার পথকে সৃষ্টি করচে- লোকে লোকান্তরে, যুগে যুগান্তরে।
কোনো শোকদুঃখের খুঁটিতে আমরা কেউই বাঁধা থাক্ না। আমরা সৃষ্টিকর্তা- আমরা অনন্ত উৎসের মত সকল ঘটনার মধ্য দিয়েই নিজেকে নিত্য উৎসারিত করব, কোনো ঘটনাই পাথরের মত আমাকে অন্ধকারের মধ্যে চাপা দিয়ে রাখবেনা। এই কথা মনে রেখে যাত্রীর গান ধর- বিশ্বযাত্রার সঙ্গে তাল রেখে নিরাসক্ত চিত্তে চিরজীবনের পথে অবাধে চলে যাও। শোকই তোমার বন্ধন মুক্ত করুক, বিচ্ছেদই তোমাকে বৃহৎ মিলনের অভিমুখে পথ দেখিয়ে দিক। মৃত্যু তোমার যা হরণ করেচে তার চেয়ে বড় করে পূরণ করুক। নিজেকে তুমি দীন বলে অপমানিত কোরো না, বেদনার মধ্যে তোমার জীবন সার্থক হোক্!
ইতি
শুভানুধ্যায়ী
শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর
৮ই আষাঢ় ১৩২৪
রবীন্দ্রনাথের জীবনে বারবার মৃত্যু এসেছে। নিকটজনদের বিষাদময় মৃত্যু তাঁর জীবনকে বেদনায় বিদীর্ণ করেছে। এই চিঠিতে তিনি তাঁর ভাতৃবধূ কাদম্বরী দেবীর আত্মহত্যার প্রসঙ্গ টেনে মৃত্য বিষয়টি যে তাঁর ব্যক্তিগত বেদনা আর দুঃখ হিসেবে থাকেনি; তা হয়ে উঠেছে জীবনদর্শনের পথ— সেটিই বলবার চেষ্টা করেছেন।
তিনি বলেছেন, মৃত্যু ও বিচ্ছেদ জীবনের অন্ত নয়, বরং বৃহত্তর সত্য ও মুক্তির দিকে প্রবেশদ্বার। তিনি শোককে বন্ধন নয়, মুক্তির শক্তি হিসেবে দেখেছেন।
অমিয়র জীবনের কোন ঘটনার প্রেক্ষিতে কথাগুলো তিনি বলেছেন, তা বোঝা না গেলেও, চিঠিটির মহত্ব এই যে, এটি একজন শোকাহত মানুষকে সান্ত্বনা দেওয়ার বাইরে গিয়ে তাকে নতুনভাবে জীবনকে দেখার শক্তি দেয়— যেখানে ব্যক্তিগত ক্ষতি বিশ্বমানবতার বিশাল ভুবনের মধ্যে অর্থ খুঁজে পায়।
একটি প্রবন্ধের বই প্রকাশিত হল। সেই প্রবন্ধগুলো লেখার সময় হয়ত কাদম্বরীর উপস্থিতি তাঁর পাশে পাশে ছিল, বই প্রকাশের সময় তাই প্রেরণাদাত্রীকে স্মরণ করলেন কবি। লিখলেন, ‘আমার পাঠকদিগের মধ্যে একজন লোককে বিশেষ করিয়া আমার এই ভাবগুলি উৎসর্গ করিতেছি। –এ ভাবগুলির সহিত তোমাকে আরও কিছু দিলাম, সে তুমিই দেখিতে পাইবে। সেই গঙ্গার ধার মনে পড়ে? সেই নিস্তদ্ধ নিশীথ? সেই জ্যোস্নালোক? সেই দুই জনে মিলিয়া কল্পনার রাজ্যে বিচরণ? সেই মৃদু গম্ভীর স্বরে গভীর আলোচনা? সেই দুই জনে স্তদ্ধ হইয়া নীরবে বসিয়া থাকা? সেই প্রভাতের বাতাস? সেই সন্ধ্যার ছায়া! এক দিন সেই ঘোর ঘনঘোর বর্ষার মেঘ, শ্রাবণের বর্ষণ, বিদ্যাপতির গান? তাহারা সব চলিয়া গিয়াছে! কিন্তু আমার এই ভাবগুলির মধ্যে তাহাদের ইতিহাস লেখা রহিল। …আমার এই লেখার মধ্যে লেখা রহিল— এক লেখা তুমি আমি পড়িব, আর এক লেখা আর সকলে পড়িবে।’
এই লেখা পড়ে মনে হয়, রবীন্দ্রনাথ কেবল একজন সাহিত্যিক নন, বরং এখানে তিনি এক গভীর আত্মজৈবনিক ও দার্শনিক অনুভূতির প্রকাশ ঘটিয়েছেন। তাঁর প্রবন্ধগুলোর অন্তর্নিহিত আবেগকে এক ব্যক্তিগত স্মৃতি ও সম্পর্কের সঙ্গে জড়িয়ে ফেলেছেন, যেখানে কাদম্বরীর উপস্থিতি একটি প্রতীকী, প্রায় মিথিক্যাল রূপ নিয়েছে। লেখাটি কেবল পাঠকের জন্য নয়; বরং একজন বিশেষ ‘প্রেরণাদাত্রী’-কে উদ্দেশ্য করে লেখা। এখানে “একজন লোককে বিশেষ করিয়া উৎসর্গ” করার কথা বলে তিনি বোঝাতে চান যে শিল্পের পেছনে ব্যক্তিগত অনুপ্রেরণার একটি গোপন জগৎ থাকে, যা সাধারণ পাঠকের চোখে ধরা পড়ে না।
এরপর যে স্মৃতিচিত্রগুলো আসে, গঙ্গার ধার, নিস্তব্ধ নিশীথ, জ্যোৎস্নালোক, প্রভাতের বাতাস, সন্ধ্যার ছায়া— এসব কেবল প্রকৃতির বর্ণনা নয়। এগুলো এক গভীর মানসিক ও অনুভূতিমূলক অভিজ্ঞতার প্রতীক, যেখানে দুটি হৃদয়ের অন্তরঙ্গ মুহূর্তগুলো প্রকৃতির সঙ্গে মিশে এক হয়ে গেছে।
“তাহারা সব চলিয়া গিয়াছে! কিন্তু আমার এই ভাবগুলির মধ্যে তাহাদের ইতিহাস লেখা রহিল”— যেন সময়ের ক্ষয় এবং স্মৃতির স্থায়িত্ব একসঙ্গে আমাদের সামনে উপস্থিত হল। বাস্তব মুহূর্তগুলো হারিয়ে গেলেও সেগুলো ভাবের মধ্যে রূপান্তরিত হয়ে চিরস্থায়ী হয়ে থাকে। অর্থাৎ জীবন চলে যায়, কিন্তু শিল্প সেই জীবনের অর্থকে ধরে রাখে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ দার্শনিক স্তরটি দেখতে পাই, শেষ লাইনে— “এক লেখা তুমি আমি পড়িব, আর এক লেখা আর সকলে পড়িবে।” এখানে যেন তিনি দুটি স্তরের অর্থ তৈরি করেছেন। একদিকে আছে ব্যক্তিগত, অন্তরঙ্গ পাঠ, যা কেবল দুইজনের; অন্যদিকে আছে সর্বজনীন সাহিত্যিক পাঠ, যা সবার জন্য উন্মুক্ত। এই দ্বৈততা দেখায় যে, সাহিত্য একই সঙ্গে ব্যক্তিগত অনুভূতির গোপন ভাষা এবং সমাজের জন্য প্রকাশিত শিল্প হিসাবে আমাদের সামনে উপস্থিত হয়। রবীন্দ্রনাথের জীবনের ব্যক্তিগত অভিজ্ঞতা ধীরে ধীরে বিশ্বজনীন শিল্পে রূপ নিয়েছে।
বেশিকিছু নয়, তাঁর উপরের পংক্তিগুলো থেকে আমরা সহজেই অনুমান করতে পারি, কাদম্বরী দেবী রবীন্দ্রনাথের জীবনে কী ছিলেন। কতখানি ছিলেন!
মে ১, ২০২৬
তথ্যসূত্র:
- কবিমানসী: জগদীশ ভট্টাচার্য
- অনুষ্টুপের রবীন্দ্রনাথ, প্রথম খণ্ড
- রবীজীবনী: প্রশান্তকুমার পাল
- রবীন্দ্রজীবনী: প্রভাতকুমার মুখোপাধ্যায়

লীনা দিলরুবা | ঢাকা, বাংলাদেশ
ফিচার লেখক, ব্লগার ও ব্যাংকার। লেখালেখির মূল বিষয় বইয়ের পর্যালোচনা। জীবনানন্দ দাশকে নিয়ে গবেষণাধর্মী লেখা লিখেছেন।
