শনিবার (১৮ এপ্রিল) সৃজন পাঠশালা এবং পিডিএক্স বাংলার আয়োজনে, অরেগনের পোর্টল্যান্ড শহরে, এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো বৈশাখী মেলা ও শোভাযাত্রা। রৌদ্রোজ্জ্বল একটি দিনে উৎসবমুখর এই আয়োজনটি শুরু হয় বিকাল ৪টায়।
মেলার শুরু থেকেই দর্শনার্থীদের উপস্থিতিতে পুরো আয়োজনস্থল প্রাণবন্ত হয়ে ওঠে। বিভিন্ন স্টলে বাংলাদেশি নানা মুখরোচক খাবার এবং নানান ধরনের আর্ট ও ক্রাফট প্রদর্শনী ছিল দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ। পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে আগত দর্শনার্থীরা আনন্দঘন পরিবেশে সময় উপভোগ করেন।

সন্ধ্যা ৬টা থেকে ৬টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয় একটি বর্ণাঢ্য র্যালি, যা সবাইকে বাংলাদেশের বর্ষবরণের আনন্দের কথা মনে করিয়ে দেয়। এরপর সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে ৭টা ৩০ মিনিট পর্যন্ত চলে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে সঙ্গীত, নৃত্য ও অন্যান্য পরিবেশনার মাধ্যমে বাঙালি সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরা হয়। সমবেতভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং “এসো হে বৈশাখ” গান গেয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। অংশগ্রহণকারীদের সব পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। ছোট্ট সোনামনিদের কয়েকটি পরিবেশনা ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য।
মেলা রাত ৮টায় সমাপ্ত হয়। এ বছরের মেলার একটি বিশেষ আকর্ষণ ছিল র্যাফেল ড্র, যার স্পন্সর ছিল Fusion Lodging এবং Handwoven Classics (Sarees in USA)। সার্বিকভাবে, এই বৈশাখী আয়োজনটি প্রবাসে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যকে সুন্দরভাবে তুলে ধরতে সক্ষম হয়েছে।
২৮ এপ্রিল, ২০২৬

তৌফিক হাসান | পোর্টল্যান্ড, অরেগন
প্রকৌশলী, ইন্টেল। সংগঠক, নাট্য নির্দেশক, আবৃত্তি শিল্পী।
