বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষাঙ্গনে পা রাখা অনেক তরুণ-তরুণীর কাছে উচ্চতর বা পিএইচডি শুধু একটি ডিগ্রি নয়; এটি জ্ঞানসাধনা, সামাজিক উত্তরণ, এবং দেশের জন্য কিছু করার প্রত্যয়ে গঠিত এক দীর্ঘ অভিযাত্রা। লিমন ও বৃষ্টির ও হয়তো এমন ধরণের কোনো স্বপ্ন ছিল। তাঁরা দুজনেই যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় পিএইচডি করছিলেন, এবং রিপোর্ট অনুযায়ী ১৬ এপ্রিলের পর নিখোঁজ হন; পরে তাদের মরদেহ উদ্ধার হয়I এই ঘটনা কেবল একটি দুঃখজনক অপরাধকাণ্ড নয়; এটি একদিকে যেমন আন্তর্জাতিক শিক্ষার্থীজীবনের অনিরাপত্তা, প্রবাসে মানসিক ও সামাজিক বিচ্ছিন্নতা, এবং অন্যদিকে উচ্চশিক্ষার স্বপ্ন ও বাস্তবতার ব্যবধান এবং যুক্তরাষ্ট্রের সামাজিক কাঠামোর ওপর গুরুতর প্রশ্ন তোলে।
যুক্তরাষ্ট্রে পিএইচডি গবেষক হিসেবে এই ঘটনা কে প্রথমে অপরাধতত্ত্ব গুলা দিয়ে বিশ্লেষণ করতে চাই যদিও শুধু মাত্র তত্ত্বের ছকে ফেলে এই ঘটনাকে বিশ্লেষণ করা উচিত হবেনা। পুলিশের তথ্য অনুযায়ী হয়তো পূর্ব শত্রুতার কারণ হিসাবে হিশামের (অভিযুক্ত) হিসেবে প্রেমেডিটেড পরিকল্পনা ছিল এবং সেই অনুযায়ী এই হত্যাকান্ডটি ঘটিয়েছে। খুব সহজ ভাষায় রুটিন অ্যাকটিভিটি তত্ত্ব অনুসারে, এবং লিমন-বৃষ্টি ছিল তার সহজলভ্য লক্ষ্য; তাদের নিরাপত্তার দেখভাল কোনও তৃতীয় ব্যক্তি ছিলেন না। স্ট্রেইন থিওরির দৃষ্টিতে সন্দেহভাজন প্রচণ্ড মানসিক চাপের অধীন ছিল (মায়ের বক্তব্য ও পূর্বের সহিংসতার ইতিহাস থেকে জানা যায় অভিযুক্ত রাগ নিয়ন্ত্রণ করতে পারত না, যা সহিংস প্রতিক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে। খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই যে হত্যাকাণ্ডে প্রিমেডিটেশনের প্রমাণ স্পষ্ট: ঘটনার আগে হিশাম চ্যাটজিপিটি দিয়ে দেহ গায়েব করার উপায় জানতে চেয়েছেন এবং বড় আবর্জনা বস্তা ও বিশেষ ধরণের ক্লিনিং সাপ্লাইস কিনেছেন। এছাড়াও অ্যাপার্টমেন্টে বৃষ্টি ও লিমনের রক্তের দাগ পাওয়া যায়, যা পরিকল্পিত হত্যার ইঙ্গিত দেয়। তবে হত্যার প্রকৃত উদ্দেশ্য এবং ঘটনার ধারাবাহিকতা পুরোপুরি স্পষ্ট নয় (মোটিভ অনিশ্চিত)। যদিও ঘটনাটি ছিল পরিকল্পিত, তবে পুরোপুরি বোঝার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ অনুসন্ধান প্রয়োজন।
এবার আশা যাক এই হত্যাকাণ্ড কিভাবে প্রবাসী শিক্ষার্থীদের নিরাপত্তা প্রশ্নকে সামনে আনে। বিদেশে উচ্চশিক্ষা, বিশেষ করে যুক্তরাষ্ট্রে, অনেকের কাছে জ্ঞান, প্রযুক্তি, এবং পেশাগত উন্নয়নের সর্বোচ্চ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত। কিন্তু বাস্তবে সেই অভিজ্ঞতা অনেক স্তরের ঝুঁকির মধ্য দিয়ে যায়: আবাসন-সংক্রান্ত জটিলতা, অর্থনৈতিক চাপ, সাংস্কৃতিক একাকীত্ব, ভিসা ও আইনি অনিশ্চয়তা, এবং সামাজিক নেটওয়ার্কের সীমাবদ্ধতা। যদিও বিশ্বের অনেক দেশে ৩/৪ বছরে পিএইচডি প্রোগ্রাম শেষ করা যায়, উত্তর আমেরিকা বা যুক্তরাষ্ট্রের পিএইচডি অন্যদেশের তুলনায় অধিক কঠোর ও নিবিড় হিসেবে গণ্য করা হয়; এর পেছনে কাঠামোগত, শিক্ষাগত এবং পেশা-কেন্দ্রিক বিভিন্ন উপাদানের সম্মিলিত প্রভাব রয়েছে। যুক্তরাষ্ট্রে পিএইচডি কর্মসূচিটি মূলত ভবিষ্যৎ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদদের প্রশিক্ষণের উদ্দেশ্যে প্রণীত। শিক্ষার্থীদের কাছ থেকে প্রত্যাশা করা হয় যে, তারা শুরু থেকেই স্বাধীনভাবে গবেষণা পরিচালনার সক্ষমতা প্রদর্শন করবে; এক্ষেত্রে প্রথম দিকের বছরগুলোতে নির্ধারিত পাঠ্যক্রমের (coursework) মাধ্যমে তাদের মৌলিক দক্ষতাগুলো গড়ে তোলা হয়, যার পর তারা নিজস্ব ও মৌলিক গবেষণার কাজে মনোনিবেশ করে।
তাই অনেক বিভাগে নির্দিষ্টসংখ্যক গ্র্যাজুয়েট কোর্স, গবেষণা-প্রয়োজনীয়তা, প্রাথমিক পরীক্ষা, এবং ডিসার্টেশন লিখন বাধ্যতামূলক থাকে। এছাড়াও, যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের দের নিজ্বস্য বিভাগে ক্লাস নেয়া বা প্রফেসরের গবেষণাতে সাহায্য করা বাবদ ফান্ডিং দেয়া হয়ে থাকে যদিও অনেক ইউরোপিয়ান বা অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়ে সরকারি বা বিশ্ববিদ্যালয় অর্থায়নে পড়ালেখার বাইরে বাধ্যতামূলক কোনো কাজের চাপ থাকেনা। তাই এখানে পিএইচডি মানে শুধু কোর্সওয়ার্ক নয়; এটি গবেষণার বিভিন্ন স্তরভিত্তিক পরিচালনা, অর্থায়নের উদ্যোগ, সুপারভাইজরি সম্পর্ক, এবং ভবিষ্যৎ চাকরির প্রতিযোগিতা, সবকিছুর সমন্বিত চাপ। এই কাঠামো জ্ঞান উৎপাদনের জন্য উপযোগী হলেও, শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্য, সামাজিক একাকীত্ব, ও জীবনের ভারসাম্য নিয়ে পর্যাপ্ত সহায়তা না থাকলে তা ভঙ্গুর পরিস্থিতি তৈরি করতে পারে।
আরেকটু বিষয় না বললেই চলে না, এই ঘটনার মিডিয়া-প্রতিনিধিত্বও গুরুত্বপূর্ণ। সংবাদে লিমন ও বৃষ্টিকে প্রায়ই “বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী” হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই পরিচয় একদিকে তাঁদের মেধা ও অর্জনের স্বীকৃতি, অন্যদিকে প্রবাসী দক্ষিণ এশীয় শিক্ষার্থীদের একটি নির্দিষ্ট সামাজিক অবস্থানকেও দৃশ্যমান করে। কিন্তু শুধু জাতীয় পরিচয় উল্লেখ করলেই সমস্যার গভীরতা বোঝানো যায় না। আমাদের বুঝতে হবে, আন্তর্জাতিক শিক্ষার্থী হওয়া মানে একসঙ্গে বহু পরিচয়ের ভার বহন করা— ছাত্র, গবেষক, অভিবাসন-সংক্রান্ত নথির অধীন ব্যক্তি, পরিবার-নির্ভর সন্তান, এবং অনেক ক্ষেত্রে আর্থিকভাবে চাপগ্রস্ত একজন গবেষক-শিক্ষার্থী। এই বহুস্তরীয় পরিচয়ের মধ্যে যে কোনো সহিংসতা শুধু অপরাধ নয়, এটি কাঠামোগত দুর্বলতার প্রকাশ।
লিমন–বৃষ্টির ঘটনা আমাদের উচ্চশিক্ষা-সংস্কৃতির নৈতিক প্রশ্নও সামনে আনে। আমরা কি শিক্ষাকে কেবল ডিগ্রি, র্যাঙ্কিং, বা চাকরির সম্ভাবনা হিসেবে দেখি, নাকি একে মানুষের পূর্ণ বিকাশের ক্ষেত্র হিসেবে বিবেচনা করি? আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়গুলো প্রায়ই একাডেমিক উৎকর্ষের কথা বলে, কিন্তু সামাজিক নিরাপত্তা, মানসিক স্বাস্থ্যসেবা, আইনি সহায়তা, এবং কমিউনিটি সাপোর্ট নিয়ে সমান গুরুত্ব দেয় না। যদি কোনো গবেষক-শিক্ষার্থী সহপাঠী, রুমমেট, বা পরিচিতজনের দ্বারা নিরাপত্তাহীনতায় পড়ে, তবে বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক সাপোর্ট সিস্টেমের কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হয়। তাই এই হত্যাকাণ্ড কেবল ব্যক্তিগত শোক নয়; এটি বিশ্ববিদ্যালয় প্রশাসন, স্থানীয় আইনশৃঙ্খলা, এবং আন্তর্জাতিক ছাত্র-কল্যাণ নীতির ব্যর্থতার সম্ভাব্য ইঙ্গিত।
বাংলাদেশের প্রেক্ষাপটেও এই ঘটনা তাৎপর্যপূর্ণ। বাংলাদেশের পরিবারগুলো প্রায়ই বিদেশে পিএইচডিকে জীবনের সর্বোচ্চ সাফল্যের একটি বলে ভাবে। সন্তান বিদেশে পড়তে গেলে পরিবারের কাছে তা গর্ব, নিরাপত্তা, এবং ভবিষ্যৎ বিনিয়োগের সমার্থক হয়ে ওঠে। কিন্তু লিমন ও বৃষ্টির মৃত্যু সেই স্বপ্নকে ভয়াবহভাবে প্রশ্নের মুখে ফেলেছে। এতে বোঝা যায়, বিদেশে পাঠানো মানেই নিরাপত্তা নিশ্চিত হওয়া নয়। পরিবারকে যেমন আর্থিক প্রস্তুতি নিতে হয়, তেমনি মানসিক প্রস্তুতিও জরুরি; বিশেষ করে আবাসন নির্বাচন, জরুরি যোগাযোগ, বন্ধু-নেটওয়ার্ক, এবং মানসিক স্বাস্থ্য সাপোর্টের ক্ষেত্রে। বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে এই সচেতনতা বাড়ানো এখন অত্যন্ত জরুরি।
পিএইচডি শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত অনুসন্ধান, সমালোচনা, এবং মানবিকতা। একজন পিএইচডি শিক্ষার্থী শুধু “উৎকৃষ্ট গবেষক” হওয়ার প্রশিক্ষণ পান না; তিনি সমাজ, নৈতিকতা, এবং ক্ষমতার কাঠামো বিশ্লেষণ করাও শেখেন। সেই অর্থে লিমন–বৃষ্টির ট্র্যাজেডি আমাদের বাধ্য করে প্রশ্ন করতে: উচ্চশিক্ষা কি সত্যিই নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক এবং মানবিক? যদি জবাব ‘না ’হয়, তবে গবেষণা প্রতিষ্ঠানগুলোর কেবল ফলাফল নয়, শিক্ষার্থীর জীবনও রক্ষা করার দায় আছে। গবেষণায় উৎকর্ষ তখনই অর্থবহ, যখন সেই উৎকর্ষের ভিত্তি মানবিক নিরাপত্তা ও মর্যাদা। একজন পিএইচডি-পর্যায়ের লেখক হিসেবে আমি মনে করি, বিশ্ববিদ্যালয়-পরিসরও বিচ্ছিন্ন কোনো দ্বীপ নয়; সেখানে মানবিক সম্পর্ক, সহাবস্থান, সংঘাত, ক্ষমতা, এবং দুর্বলতা সবই সক্রিয়। সুতরাং এই ঘটনার তদন্ত যেমন দরকার, তেমনি দরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নিরাপদ আবাসন, নিয়মিত কাউন্সেলিং, জরুরি রিপোর্টিং ব্যবস্থা, এবং সহপাঠী-ভিত্তিক সাপোর্ট নেটওয়ার্ক। উচ্চশিক্ষা তখনই অর্থবহ, যখন তা জীবনের সম্ভাবনাকে প্রসারিত করে; যখন তা গবেষণার পাশাপাশি নিরাপত্তা, ন্যায়বিচার, এবং মানবিক মর্যাদা নিশ্চিত করে। লিমন-বৃষ্টির স্মৃতি তাই শোকের বিষয় হয়েই থাকবে না; এটি হবে ন্যায়, নিরাপত্তা, এবং শিক্ষার মানবিক পুনর্মূল্যায়নের আহ্বান।
২ মে, ২০২৬

খন্দকার ফারজানা রহমান | শিকাগো, ইলিনয়, যুক্তরাষ্ট্র
ইউনিভার্সিটি অফ ইলিনয় শিকাগো তে ক্রিমিনোলজি, ল এন্ড জাস্টিস বিভাগে পিএইচডি শিক্ষার্থী। গবেষণার আগ্রহের ক্ষেত্রগুলো হলো পেনোলোজি এন্ড কারেকশন, জেন্ডার এন্ড ক্রাইম, এবং কিশোর অপরাধ।
