টেক্সাসের জর্জটাউন শহরের ইস্ট ভিউ হাই স্কুল থিয়েটারে “অস্টিন নাট্যমঞ্চের” পরিবেশনায় মঞ্চস্থ হয়েছে নাটক ‘রাইজিং অফ দ্য মুন’। প্রায় ৩৫০ দর্শকের উপস্থিতিতে মনোমুগ্ধকর এই পরিবেশনায় অংশ নেন অস্টিন নাট্যমঞ্চের প্রায় ৫০ জন নাট্যকর্মী, সংগঠক ও স্বেচ্ছাসেবী।
প্রায় পূর্ণ মিলনায়তনে নাটকটি ঘিরে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও প্রাণবন্ত উপস্থিতি। অভিনয়, মঞ্চসজ্জা, আলো, আবহসংগীত ও কারিগরি ব্যবস্থাপনার সমন্বয়ে পুরো পরিবেশনা হয়ে ওঠে উপভোগ্য। নাটকের বিভিন্ন দৃশ্যে দর্শকদের হাসি, আবেগ ও স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়ায় বারবার প্রাণবন্ত হয়ে ওঠে মিলনায়তন। দীর্ঘ প্রস্তুতি ও মহড়ার মধ্য দিয়ে মঞ্চে আসে ‘রাইজিং অফ দ্য মুন’।
মঞ্চের অভিনয়শিল্পীদের পাশাপাশি নেপথ্যে আলো, শব্দ, সেট, পোশাক, মেকআপ, সংগীত, প্রচারণা, টিকিটিং এবং সার্বিক অনুষ্ঠান ব্যবস্থাপনায় যুক্ত ছিলেন অস্টিন নাট্যমঞ্চের নাট্যকর্মী ও স্বেচ্ছাসেবীরা। প্রায় ৫০ জনের এই বিশাল দলের সম্মিলিত প্রচেষ্টায় সফলভাবে সম্পন্ন হয় পুরো আয়োজন। বাংলা ভাষা, নাটক ও সংস্কৃতিকে প্রবাসের মাটিতে নতুন প্রজন্মসহ বৃহত্তর দর্শকের কাছে তুলে ধরার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে অস্টিন নাট্যমঞ্চ।
‘রাইজিং অফ দ্য মুন’ ছিল সংগঠনটির চতুর্থ নাট্য পরিবেশনা। দর্শকদের বিপুল উপস্থিতি ও উচ্ছ্বসিত সাড়া টেক্সাসে বাংলা নাট্যচর্চার প্রতি ক্রমবর্ধমান আগ্রহেরই প্রতিফলন। বাংলাদেশের খ্যাতনামা অভিনেত্রী ও নাট্যনির্দেশক হৃদি হক ‘রাইজিং অফ দ্য মুন’ নাটকটির নির্দেশনা দিয়েছেন।

