পড়শী মূল রচনাবলী বঙ্গবন্ধু ও বাংলাদেশের দুই সন্ধিক্ষণ: ১৯৭১-এর রাষ্ট্রগঠন থেকে ২০২৪-এর রাজনৈতিক রূপান্তর ও সাংস্কৃতিক পরিশোধন

বঙ্গবন্ধু ও বাংলাদেশের দুই সন্ধিক্ষণ: ১৯৭১-এর রাষ্ট্রগঠন থেকে ২০২৪-এর রাজনৈতিক রূপান্তর ও সাংস্কৃতিক পরিশোধন

Post Views: 15
18 min read

ভূমিকা
বাংলাদেশের ইতিহাসে কিছু মুহূর্ত কেবল ক্ষমতার পরিবর্তন নয়, বরং রাষ্ট্রের চরিত্র, জাতীয় পরিচয় এবং ভবিষ্যৎ গতিপথ নির্ধারণের সন্ধিক্ষণ হিসেবে বিবেচিত হয়। ১৯৭১ সালে স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামনে যেমন ছিল একটি যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্রকে পুনর্গঠন এবং একটি নতুন জাতীয় পরিচয় নির্মাণের বিশাল চ্যালেঞ্জ, তেমনি ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশ আবারও একটি গভীর রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা শুধু একটি ভূখণ্ডের জন্ম দেয়নি; এটি একটি অসাম্প্রদায়িক, বাঙালি জাতীয়তাবাদভিত্তিক রাষ্ট্রের ধারণারও সূচনা করেছিল। কিন্তু স্বাধীনতার পরপরই নবজাত রাষ্ট্রকে মোকাবিলা করতে হয়েছে অর্থনৈতিক সংকট, আন্তর্জাতিক চাপ, অভ্যন্তরীণ রাজনৈতিক সংঘাত এবং বিভিন্ন আদর্শিক চ্যালেঞ্জ।

প্রায় পাঁচ দশক পর ২০২৪ সালের ঘটনাবলি বাংলাদেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক কাঠামো নিয়ে নতুন প্রশ্ন উত্থাপন করেছে। সরকার পরিবর্তনের পাশাপাশি জাতীয় ইতিহাস, মুক্তিযুদ্ধের স্মৃতি, ধর্মনিরপেক্ষতা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং বাংলাদেশের ভবিষ্যৎ পরিচয় নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। এই পরিবর্তনকে বোঝার জন্য কেবল সাম্প্রতিক ঘটনাবলি নয়, বরং বাংলাদেশের জন্ম, রাষ্ট্রগঠন, আন্তর্জাতিক সম্পর্ক এবং দীর্ঘমেয়াদি রাজনৈতিক প্রবণতার আলোকে বিশ্লেষণ করা প্রয়োজন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: রাষ্ট্র পুনর্গঠনের কঠিন উত্তরাধিকার
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন ধর্মনিরপেক্ষ ও বাঙালি জাতীয়তাবাদী নেতা। তুরস্কের মুস্তাফা কামাল আতাতুর্কের মতো তিনি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থার পক্ষে ছিলেন এবং মার্টিন লুথার কিং জুনিয়রের মতো যুদ্ধ অনিবার্য হয়ে না ওঠা পর্যন্ত শান্তিপূর্ণ উপায়ে আত্মনিয়ন্ত্রণের অধিকার অর্জনের চেষ্টা করেছিলেন। পশ্চিম পাকিস্তানের ২৪ বছরের শোষণ-নিপীড়নের অবসান ঘটিয়ে নয় মাসব্যাপী মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের বাঙালি সহযোগীদের গণহত্যা, ধর্ষণ ও অন্যান্য নৃশংসতায় লক্ষ লক্ষ বাঙালি প্রাণ হারান এবং শত সহস্র বাঙালি নারী ধর্ষণ ও নির্যাতনের শিকার হন। সেই যুদ্ধের অবসানে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে।

১৯৭২ সালের ১০ জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরে তিনি এমন এক দেশের নেতৃত্ব গ্রহণ করেছিলেন, যা নয় মাসের যুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। ভেঙে পড়েছিল দেশের অবকাঠামো, ধ্বংস হয়েছিল প্রায় ৬০ লাখ ঘরবাড়ি, শিল্পকারখানার উৎপাদন কার্যত স্থবির হয়ে পড়েছিল, মুদ্রাব্যবস্থা ছিল বিপর্যস্ত এবং এক লক্ষেরও বেশি আগ্নেয়াস্ত্র সাধারণ মানুষের হাতে ছড়িয়ে ছিল। ১৯৭২ সালে Time ম্যাগাজিনের এক প্রতিবেদনে যুদ্ধবিধ্বস্ত ঢাকাকে “পারমাণবিক হামলার পরের সকালের একটি শহর” হিসেবে বর্ণনা করা হয়েছিল।

যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র পুনর্গঠনের চ্যালেঞ্জ
বঙ্গবন্ধুর ওপর অর্পিত হয়েছিল কোটি মানুষের পুনর্বাসন এবং যুদ্ধবিধ্বস্ত একটি রাষ্ট্র পুনর্গঠনের বিশাল দায়িত্ব। ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো, বিপর্যস্ত অর্থনীতি, খাদ্য সংকট, অচল শিল্পকারখানা, দুর্বল প্রশাসন, ভেঙে পড়া আইনশৃঙ্খলা এবং বাস্তুচ্যুত মানুষের পুনর্বাসনের মতো একাধিক সংকট মোকাবিলা করে তাঁকে একটি নতুন রাষ্ট্রের ভিত্তি নির্মাণের এক বিরাট ও অত্যন্ত কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করতে হয়েছিল। তাঁর রাষ্ট্র পুনর্গঠনের কাজ আরও কঠিন হয়ে ওঠে দেশের অভ্যন্তরে সক্রিয় পাকিস্তানপন্থী গোষ্ঠী, আন্তর্জাতিক অঙ্গনে বৈরী নিক্সন-কিসিঞ্জার প্রশাসন, পাকিস্তান-সমর্থক কয়েকটি মুসলিম রাষ্ট্র, মাওবাদী চীন, গণবাহিনীর মতো বামপন্থী সশস্ত্র সংগঠন এবং দেশীয় ডানপন্থী ও মাওপন্থী মহলের ধারাবাহিক বিরোধিতা ও প্রচারণার কারণে।

“ইন্টারন্যাশনাল বাস্কেট কেস” বিতর্ক
মুক্তিযুদ্ধে বিজয়ের প্রাক্কালে, ১৯৭২ সালের ৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে হেনরি কিসিঞ্জার ও রাষ্ট্রদূত অ্যালেক্সিস জনসন বাংলাদেশকে “International Basket Case” হিসেবে আখ্যায়িত করেন। নবস্বাধীন বাংলাদেশকে “আন্তর্জাতিক বাস্কেট কেস” হিসেবে অভিহিত করে কিসিঞ্জার ও তাঁর সহযোগীরা বাংলাদেশকে একটি দুর্বল, অস্থিতিশীল এবং অর্থনৈতিকভাবে পরনির্ভরশীল রাষ্ট্র হিসেবে চিহ্নিক করেছিলেন।, “আন্তর্জাতিক বাস্কেট কেস” হিসাবে বোঝাতে চেয়েছিলেন যে বাংলাদেশকে টিকে থাকার জন্য দীর্ঘদিন বিদেশি সহায়তার ওপর নির্ভর করতে হবে।

প্রভাবশালী ব্যক্তিদের এমন মন্তব্য অনেক সময় একটি দেশের আন্তর্জাতিক ভাবমূর্তিতে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। তাই হয়েছিল। “বাস্কেট কেস” তকমাটিও বাংলাদেশের ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলেছিল এবং বহু বছর ধরে তা আলোচনায় ছিল। পরবর্তীকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমালোচক ও রাজনৈতিক বিরোধীদের একটি অংশ এই ধারণাকে ব্যবহার করে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে তুলে ধরার চেষ্টা করে এবং মুক্তিযুদ্ধের বিরোধিতার পক্ষে যুক্তি হিসেবে উপস্থাপন করে।

১৯৭৪ সালের দুর্ভিক্ষ, PL-480 বিতর্ক ও রাজনৈতিক প্রভাব
১৯৭৪ সালের দুর্ভিক্ষের সময় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে PL-480 কর্মসূচির আওতায় জরুরি খাদ্য সহায়তা দিতে অস্বীকৃতি জানায়। কারণ হিসেবে দেখানো হয় কিউবার সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক। কিন্তু মিশর, আর্জেন্টিনা ও ব্রাজিল কিউবার সঙ্গে বাণিজ্যে অংশ নিলেও তাদের ক্ষেত্রে PL-480 কিন্তু কর্মসূচির প্রয়োগ বন্ধ করা হয়নি। বাংলাদেশ সরকার বিষয়টি বারবার যুক্তরাষ্ট্র প্রশাসনের নজরে আনলেও কোনো ইতিবাচক সাড়া মেলেনি। অনেক পর্যবেক্ষকের মতে, স্বাধীনতার পর বাংলাদেশের সবচেয়ে সংকটময় সময়ে পিএল-৪৮০ খাদ্যসহায়তা স্থগিত করা ছিল ১৯৭১ সালে পূর্ব পাকিস্তান-সংক্রান্ত মার্কিন নীতির ব্যর্থতার প্রতিশোধমূলক পদক্ষেপ, যার পিছনে ছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার।

খাদ্যশস্য প্রত্যাহারের ফলে ১৯৭৪ সালের দুর্ভিক্ষ আরও তীব্র হয় এবং এর ফলে আরও বহু মানুষের প্রাণহানি ঘটে। ১৯৭৪ সালের দুর্ভিক্ষের সময় যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের বিরুদ্ধে “International Basket Case” প্রচারণা এবং PL-480 খাদ্যসহায়তাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার, ১৯৫৩ সালে ইরানে সিআইএ-সমর্থিত মোসাদ্দেকবিরোধী অভ্যুত্থানের সময় ব্যবহৃত কৌশলের সঙ্গে তুলনীয়। সেখানেও পরিকল্পিত প্রচারণা ও সাজানো বিক্ষোভের মাধ্যমে জনগণের আস্থা দুর্বল করে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করা হয়।

“বাসন্তী ঘটনা” ও তথ্যযুদ্ধের অভিযোগ
বাংলাদেশে অপপ্রচারের আরো একটি আলোচিত উদাহরণ ছিল “বাসন্তী ঘটনা”। একটি প্রভাবশালী পত্রিকার সাংবাদিক একজন প্রতিবন্ধিতা-সম্পন্ন তরুণীকে মাছ ধরার জালে জড়িয়ে দুর্ভিক্ষের প্রতীকী ছবি তোলেন। পশ্চিমা সংবাদমাধ্যম যথাযথ যাচাই ছাড়াই সেই ছবি প্রকাশ করে।

অপপ্রচার, নাশকতা ও রাজনৈতিক ষড়যন্ত্রের এই ধারাবাহিকতা শেষ পর্যন্ত ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের পথ সুগম করে। এই ঘটনাটি স্নায়ুযুদ্ধের ভূরাজনীতি এবং যুক্তরাষ্ট্র-সমর্থিত আঞ্চলিক শক্তির স্বার্থের সঙ্গে সম্পর্কিত ছিল বলে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে।

২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তন: নতুন এক অধ্যায়
প্রায় অর্ধশতাব্দী পরে, ২০২৪ সালের জুলাই-আগস্টে বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তন ঘটে। এটি কেবল একটি স্বতঃস্ফূর্ত কোটা সংস্কার আন্দোলন ছিল না; বরং এটি ছিল কোটা সংস্কার আন্দোলনের আড়ালে ইসলামপন্থী নেতৃত্বাধীন একটি সুপরিকল্পিত রাজনৈতিক অভ্যুত্থান। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক Jeffrey Sachs এই রাজনৈতিক অভ্যুত্থানের পেছনে যুক্তরাষ্ট্রের “ডিপ স্টেট” ও প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সমর্থনও ছিল বলে দাবি করেন।

২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভে দেওয়া এক বক্তৃতায় মুহাম্মদ ইউনূস শেখ হাসিনার ক্ষমতাচ্যুতিকে “অত্যন্ত সুচিন্তিতভাবে পরিকল্পিত (meticulously designed)” বলে বর্ণনা করেন। তিনি একজন ইসলামপন্থী-মাওবাদী ছাত্রনেতাকে এই পরিকল্পনার মূল রূপকার হিসেবে পরিচয় করিয়ে দেন। একই বক্তৃতায় তিনি ভারতবিরোধী ও আওয়ামী লীগবিরোধী মাওবাদী গোষ্ঠী, বৈদেশিক সহায়তানির্ভর এনজিও এবং বিভিন্ন উগ্রপন্থী জোটকে এই উদ্যোগের অংশীদার (partners) হিসেবে উল্লেখ করেন।

সামরিক বাহিনী, জামায়াত ও ক্ষমতার নতুন সমীকরণ
আন্দোলনের সময় বাংলাদেশের সামরিক ও নিরাপত্তা বাহিনীর ভূমিকা স্পষ্ট ছিল না। তবে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর তাদের অবস্থান আরও দৃশ্যমান হয়ে ওঠে। বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ভাস্কর্য ও মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ভাঙার সময় সেনাসদস্যদের মৌলবাদী রাজনৈতিক কর্মীদের উপস্থিতিতে দেখা যায়। একইভাবে, ইসলামপন্থী গোষ্ঠীর সঙ্গে “নারায়ে তাকবির, আল্লাহু আকবর” স্লোগান এবং জামায়াতে ইসলামীর কর্মীদের সঙ্গে সরকার পতনের উদ্‌যাপনের সময়ও সেনাসদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

জামায়াত ও শিবিরের কয়েকজন নেতার বক্তব্য এবং বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষণে দাবি করা হয়েছে যে, ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনাপ্রবাহে জামায়াতে ইসলামীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এসব বক্তব্য অনুযায়ী, দলটি বেসরকারি সংস্থাভিত্তিক নাগরিক সমাজের কিছু অংশ এবং বিদেশি প্রভাবশালী মহলের সহায়তায় একটি রাজনৈতিক পরিবর্তনের পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিল।

ইউরোপভিত্তিক জামায়াত নেতা আবু বকর মোল্লার একটি ভিডিও বক্তব্যে দাবি করা হয় যে, মুহাম্মদ ইউনূস ও জামায়াত শুরু থেকেই এই পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি আরও দাবি করেন, জামায়াতের আন্তর্জাতিক লবিং কার্যক্রম অব্যাহত রাখতে মুহাম্মদ ইউনূস সহায়তা করেছিলেন। এসব দাবির সত্যতা নিয়ে রাজনৈতিক বিতর্ক থাকলেও, এ ধরনের বক্তব্য বাংলাদেশের ক্ষমতার পরিবর্তনের পেছনে বিভিন্ন রাজনৈতিক ও আন্তর্জাতিক শক্তির সম্ভাব্য ভূমিকা নিয়ে প্রশ্ন ও আলোচনা তৈরি করেছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জামায়াতের ভূমিকা নিয়ে বিতর্ক
জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ২০২৪ সালের আন্দোলনের সময় প্রায় ৪৫০টি থানায় অগ্নিসংযোগ এবং শতাধিক পুলিশ সদস্য হত্যার ঘটনায় ভূমিকা রাখার অভিযোগ উঠেছে। এসব ঘটনাকে মিশরের হোসনি মোবারকবিরোধী আন্দোলনের সময় মুসলিম ব্রাদারহুডের কৌশলের সঙ্গে তুলনা করা হয়েছে। সে সময় আইনশৃঙ্খলা ব্যবস্থায় শূন্যতা তৈরির জন্য মুসলিম ব্রাদারহুড প্রায় ৯০টিরো বেশী থানা জ্বালিয়ে দিয়ে মাঠপর্যায়ে প্রভাব বিস্তারের সুযোগ পেয়েছিল বলে বিশ্লেষণে উল্লেখ করা হয়।

বাংলাদেশের ক্ষেত্রেও, আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির পর সেনাপ্রধান জেনারেল ওয়াকারের প্রথম বক্তব্যে জামায়াতের আমিরের নাম উল্লেখ করা হলেও, সে সময়কার অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির নাম উল্লেখ না করা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন ওঠে। সে সময় নিষিদ্ধ থাকা জামায়াতকে গুরুত্ব দেওয়ার পেছনে মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি একটি কারণ হতে পারে। মিশরের মুসলিম ব্রাদারহুডের মতো সুপরিকল্পিতভাবে থানা ধ্বংসের অন্যতম উদ্দেশ্য ছিল-৫ আগস্ট-পরবর্তী সময়ে মাঠপর্যায়ে জামায়াত ও তার অঙ্গসংগঠনগুলোকে একমাত্র সংগঠিত শক্তি হিসেবে প্রতিষ্ঠা করা, যাতে আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে তাদের ভূমিকা অপরিহার্য হিসেবে বিবেচিত হয়।

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর পর্যাপ্ত সক্ষমতা না থাকায় তারা বাধ্য হয়েই জামায়াতকে নতুন সরকার গঠনের আলোচনায় গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করেছিল বলে ধারণা করা যায়। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে প্রশাসনের দুর্বল উপস্থিতিতে নাশকতার মাধ্যমে জামায়াত পরিস্থিতি আরও অস্থিতিশীল করতে পারত। তবে সামরিক প্রতিষ্ঠানের ভেতরে-জামায়াতের সম্ভাব্য প্রভাব দলটিকে অন্যান্য রাজনৈতিক দলের তুলনায় বেশি গুরুত্ব ও প্রবেশাধিকার পাওয়ার ক্ষেত্রেও ভূমিকা রাখতে পারে।

ইসলামপন্থী ও বামপন্থী শক্তির নতুন রাজনৈতিক সমীকরণ
৫ আগস্টের পরবর্তী সময়ে ইসলামপন্থী ও বামপন্থী বিভিন্ন শক্তির মধ্যে রাজনৈতিক সমন্বয়ের দৃশ্য দেখা গেছে। ভাঙচুর হওয়া গণভবনের সামনে হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক, বামপন্থী নেতা জোনায়েদ সাকি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুলের একই মঞ্চে উপস্থিতি অনেকের কাছে নতুন রাজনৈতিক সমীকরণের প্রতীক হিসেবে বিবেচিত হয়েছে। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনকে কেবল একটি সরকার পরিবর্তন হিসেবে দেখলে পুরো চিত্রটি বোঝা কঠিন। এর পেছনে দেশীয় রাজনৈতিক শক্তি, নাগরিক সমাজ, আন্তর্জাতিক প্রভাব এবং আদর্শিক জোটগুলোর ভূমিকা নিয়ে আরও গভীর ও নিরপেক্ষ বিশ্লেষণের প্রয়োজন রয়েছে।

২০২৪-পরবর্তী রাজনৈতিক ও সাংস্কৃতিক রূপান্তর
১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড বাংলাদেশের ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক ভিত্তির ওপর গভীর আঘাত হেনেছিল, তবে তা সেই ভিত্তিকে পুরোপুরি ধ্বংস করতে পারেনি। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক কাঠামোতে যে পরিবর্তনগুলো দৃশ্যমান হয়েছে, তা অনেক বেশি গভীর ও সুদূরপ্রসারী বলে অনেকে মনে করছেন।

ইসলামপন্থী ও উগ্রপন্থী শক্তির উত্থান এবং বিভিন্ন বিদেশি স্বার্থের সম্ভাব্য প্রভাব বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দেশটি একটি বড় ধরনের রাজনৈতিক ও সাংস্কৃতিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে।

এই পরিবর্তনের কিছু দিককে চীনের সাংস্কৃতিক বিপ্লব বা ইরানের ইসলামী বিপ্লব-পরবর্তী আদর্শিক পুনর্গঠনের সঙ্গে তুলনা করা হচ্ছে। এটি কেবল একটি রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন নয়; বরং বাংলাদেশের জাতীয় পরিচয়, ইতিহাসের ব্যাখ্যা এবং সাংস্কৃতিক মূল্যবোধকে নতুনভাবে সংজ্ঞায়িত করার একটি প্রচেষ্টা হিসেবেও দেখা যেতে পারে।

মুক্তিযুদ্ধের স্মৃতি ও জাতীয় প্রতীকের পুনর্বিন্যাস
এই পরিবর্তনের অন্যতম দৃশ্যমান দিক হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, ম্যুরাল ও প্রতীক অপসারণ বা ধ্বংস। ধানমন্ডি ৩২-এর ঐতিহাসিক বাড়ি ধ্বংস বিশেষভাবে প্রতীকী তাৎপর্য বহন করে। এটি শুধু একটি স্থাপনা ধ্বংসের ঘটনা নয়; বরং অনেকের দৃষ্টিতে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস ও জাতীয় স্মৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ মুছে ফেলার প্রচেষ্টার প্রতীক।

প্রায় ১,৫০০-এর বেশি ভাস্কর্য ও ম্যুরাল ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এসব ঘটনা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস এবং জাতীয় স্মৃতির ওপর আঘাত হিসেবে দেখা হচ্ছে। একই সময়ে ইসলামপন্থী উগ্র শক্তির পুনরায় সক্রিয়তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ধর্মনিরপেক্ষ রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হওয়ার সুযোগে এসব গোষ্ঠী নতুন রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করছে বলে সমালোচকদের অভিযোগ।

অসাম্প্রদায়িক সংস্কৃতি ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ওপর চাপ
দেশের বিভিন্ন স্থানে মাজার, সাংস্কৃতিক স্থাপনা ও ঐতিহাসিক নিদর্শনের ওপর হামলার ঘটনাও উদ্বেগের কারণ হয়ে উঠেছে। শতাধিক মাজার এবং এক হাজারের বেশি ধর্মনিরপেক্ষ স্থাপনা ভাঙচুর বা অগ্নিসংযোগের শিকার হয়েছে। এসব ঘটনা বাংলাদেশের দীর্ঘদিনের অসাম্প্রদায়িক সাংস্কৃতিক ঐতিহ্য ও বহুত্ববাদী চেতনার বিকাশের পথে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।

ইতিহাস, শিক্ষা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নিয়ে বিতর্ক
এছাড়া পাঠ্যপুস্তক, জাদুঘর ও জাতীয় ইতিহাসের বয়ানে মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িকতা এবং ধর্মনিরপেক্ষ মূল্যবোধের ভূমিকা কমিয়ে ইসলামী পরিচয়কে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ইতিহাসের পুনর্ব্যাখ্যা যদি রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত হয়, তবে তা ভবিষ্যৎ প্রজন্মের জাতীয় পরিচয় সম্পর্কে বিভ্রান্তি তৈরি করতে পারে। শিক্ষা, বিচারব্যবস্থা, প্রশাসন ও গণমাধ্যমেও পরিবর্তনের নামে যদি নির্দিষ্ট মতাদর্শের প্রভাব প্রতিষ্ঠিত হয়, তবে তা বহুত্ববাদী সমাজের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। শিক্ষক, বিচারক, কর্মকর্তা, সাংবাদিক, বুদ্ধিজীবী ও শিল্পীদের ওপর চাপ সৃষ্টি হলে গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং মতপ্রকাশের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হতে পারে।

বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রীয় চরিত্রের প্রশ্ন
নারীর জনসম্পৃক্ততা, সাংস্কৃতিক অনুষ্ঠান, উৎসব এবং মুক্তচিন্তার ক্ষেত্রেও ক্রমবর্ধমান চাপের অভিযোগ রয়েছে। বাংলাদেশের দীর্ঘদিনের বহুত্ববাদী ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার জন্য এসব বিষয়ে সতর্ক থাকা জরুরি। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, সহিংসতা ও হামলার অনেক ঘটনার যথাযথ বিচার না হওয়া। রাষ্ট্র যদি নাগরিকদের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা, সাংস্কৃতিক অধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে তা আইনের শাসন ও গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি আস্থাকে দুর্বল করবে।

বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করবে দেশটি মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র, বহুত্ববাদ ও অসাম্প্রদায়িক মূল্যবোধকে শক্তিশালী করবে, নাকি বিভাজনমূলক রাজনীতি ও আদর্শিক আধিপত্যের দিকে এগিয়ে যাবে-তার ওপর।

উপসংহার: রাষ্ট্রের ভবিষ্যৎ ও সার্বভৌমত্বের চ্যালেঞ্জ
বাংলাদেশের ইতিহাস বারবার দেখিয়েছে, একটি রাষ্ট্রের শক্তি শুধু তার অর্থনীতি বা সামরিক সক্ষমতার ওপর নির্ভর করে না; বরং নির্ভর করে তার প্রতিষ্ঠান, মূল্যবোধ এবং নাগরিকদের সম্মিলিত আস্থার ওপর। ১৯৭১ সালে ধ্বংসস্তূপ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের রাষ্ট্রযাত্রা শুরু হয়। সেই সময়ের নেতৃত্বকে মোকাবিলা করতে হয়েছিল এক অভূতপূর্ব সংকট-বিধ্বস্ত অর্থনীতি, ভেঙে পড়া অবকাঠামো এবং অনিশ্চিত আন্তর্জাতিক পরিস্থিতি। কিন্তু সেই পুনর্গঠনের প্রচেষ্টাই বাংলাদেশের রাষ্ট্রীয় ভিত্তি নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিসরে যে রূপান্তর দৃশ্যমান হয়েছে, তা নিয়ে ব্যাপক আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। অনেকের মতে, এই পরিবর্তনের একটি অংশে ধর্মনিরপেক্ষ প্রতীক অপসারণ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন এবং ভিন্নমতের ওপর চাপের মাধ্যমে একটি অধিক রক্ষণশীল ইসলামী-জাতীয়তাবাদী পরিচয়কে সামনে আনার প্রবণতা দেখা যাচ্ছে। এই প্রক্রিয়াকে কোনো একক কেন্দ্রীয় আদর্শিক পরিকল্পনার ফল হিসেবে না দেখে, অনেকে এটিকে উগ্রপন্থী ইসলামী গোষ্ঠীর প্রভাব, রাজনৈতিক সুবিধাবাদ এবং রাষ্ট্রীয় নীরবতার সমন্বয়ে গড়ে ওঠা একটি জটিল রাজনৈতিক প্রক্রিয়া হিসেবে বিশ্লেষণ করছেন। এর ফলে গণতান্ত্রিক প্রতিষ্ঠান, নাগরিক স্বাধীনতা এবং দেশের দীর্ঘদিনের বহুত্ববাদী ঐতিহ্যের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

২০২৪ সালের ঘটনাবলি কেবল ক্ষমতার পরিবর্তন নয়; এটি বাংলাদেশের জাতীয় পরিচয়, রাজনৈতিক মূল্যবোধ এবং রাষ্ট্রের ভবিষ্যৎ পথের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। এই পরিবর্তন দেশটির সামনে একটি মৌলিক প্রশ্ন তুলে ধরেছে-বাংলাদেশ কি একটি বহুত্ববাদী, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাষ্ট্রের আদর্শ ধরে এগিয়ে যাবে, নাকি বিভাজনমূলক পরিচয় রাজনীতি ও আদর্শিক আধিপত্যের দিকে অগ্রসর হবে?

যেকোনো রাজনৈতিক পরিবর্তনের মূল্যায়নে আবেগের পরিবর্তে প্রয়োজন ইতিহাসভিত্তিক, তথ্যনির্ভর এবং ভারসাম্যপূর্ণ বিশ্লেষণ। কারণ রাষ্ট্রের ভবিষ্যৎ শুধু ক্ষমতার পালাবদলে নির্ধারিত হয় না; তা নির্ভর করে প্রতিষ্ঠানগুলোর শক্তি, আইনের শাসন, নাগরিক স্বাধীনতা এবং সমাজের সহনশীলতার ওপর। বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো-স্বাধীনতার মূল চেতনাকে ধারণ করে একটি আধুনিক, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠন করা। ইতিহাসের শিক্ষা হলো, কোনো দেশ কেবল অতীতের গৌরব বা বর্তমানের ক্ষমতার ভারসাম্যের ওপর টিকে থাকে না; টিকে থাকে জনগণের আস্থা, প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা এবং ভবিষ্যৎ নির্মাণে একটি সম্মিলিত দৃষ্টিভঙ্গির ওপর।

২ আগস্ট, ২০২৬

র‍্যালী, নর্থ ক্যারোলিনা, যুক্তরাষ্ট্র

অধ্যাপক ও রাজনৈতিক-অর্থনৈতিক বিশ্লেষক।


Previous
Next

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

দীর্ঘ বিরতির পর আবার ফিরে এসেছে বিশ্ববাঙালির প্রিয় পত্রিকা ‘পড়শী’।
নব উদ্যমের এই যাত্রায় আপনার মতো গুণী মানুষের সৃজনশীল লেখা ও সাহচর্য আমাদের কাম্য।

দীর্ঘ বিরতির পর আবার ফিরে এসেছে বিশ্ববাঙালির প্রিয় পত্রিকা ‘পড়শী’।
নব উদ্যমের এই যাত্রায় আপনার মতো গুণী মানুষের সৃজনশীল লেখা ও সাহচর্য আমাদের কাম্য।

প্রকাশিত সকল লেখা ও মতামতের দায়ভার সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট লেখকের,
এর জন্য ‘পড়শী’ কর্তৃপক্ষ দায়ী নয়।